জাতীয়

পুঁজিবাজারকে শক্তিশালী অর্থায়নের উৎস হিসেবে গড়ে তুলতে হবে: গভর্নর

দেশের কাক্সিক্ষত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বেসরকারি খাতে ঋণ ও বিনিয়োগ প্রবৃদ্ধি পর্যায়ক্রমে ১০ শতাংশে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি বলেছেন, এই লক্ষ্য বাস্তবায়নে ব্যাংকিং খাতের পাশাপাশি একটি শক্তিশালী, গভীর ও গতিশীল পুঁজিবাজার গড়ে তোলা অপরিহার্য। গতকাল সোমবার বিকাল ৫টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে গভর্নর বলেন, পুঁজিবাজার স¤প্রসারিত হলে উদ্যোক্তাদের জন্য দীর্ঘমেয়াদি ইকুইটি অর্থায়নের সুযোগ বাড়বে। ফলে ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমবে এবং বেসরকারি খাতের ক্রমবর্ধমান অর্থায়ন চাহিদা পূরণে কার্যকর বিকল্প উৎস তৈরি হবে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৬-২৭ অর্থবছরে পুঁজিবাজারের বাজার মূলধন অন্তত ২০ হাজার কোটি টাকা, ২০২৭-২৮ অর্থবছরে ২৫ হাজার কোটি টাকা এবং ২০২৮-২৯ অর্থবছরে ৩০ হাজার কোটি টাকা বৃদ্ধি করা সম্ভব হবে। পরবর্তী বছরগুলোতেও এই ধারা অব্যাহত থাকলে পুঁজিবাজার বেসরকারি খাতের অর্থায়নের অন্যতম প্রধান উৎসে পরিণত হবে। এর মাধ্যমে ব্যাংক ঋণের ওপর চাপ কমবে, দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ বাড়বে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সহজ হবে। সিএসই প্রতিনিধিদলে ছিলেন চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার (এফসিএ, এফসিএমএ), মহাব্যবস্থাপক মোর্তূজা আলম এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল হক। এসময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!