পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে এবার সব শিক্ষা বোর্ডের মধ্যে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৭১ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিপরীতে সবচেয়ে কম পাসের হার মাদ্রাসা শিক্ষা বোর্ডে। দাখিল পরীক্ষায় এ বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। গতকাল সোমবার প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ চিত্র পাওয়া গেছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডের পর পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৬৬ দশমিক ২৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। তৃতীয় অবস্থানে থাকা কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ ছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। বরিশাল বোর্ডে ৬০ দশমিক ৩৫ শতাংশ এবং চট্টগ্রাম বোর্ডে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। এর সামান্য নিচে রয়েছে দিনাজপুর বোর্ডÑ৫৮ দশমিক ০৫ শতাংশ। আর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম পাসের হার ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডে ৫৭ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর বাইরে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলেও পার্থক্য রয়েছে। দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। আর এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। অর্থাৎ সবচেয়ে বেশি পাসের হার পাওয়া ঢাকা বোর্ডের সঙ্গে সবচেয়ে কম পাসের হার পাওয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের ব্যবধান ১৬ দশমিক ১৪ শতাংশ।




