জাতীয়সারাদেশ

পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আমাদের দেশের নিরাপদ পানি দিন দিন কমে যাচ্ছে, নদীগুলো শুকিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী একটি দেশের পানি বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না। এ সংকট মোকাবিলায় খাল কাটার গুরুত্ব অপরিসীম। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমডালা খাল খনন পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ত্রাণমন্ত্রী বলেন, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করতে পারলে পুরো দেশের অর্থনীতি স্বাবলম্বী হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে খাল কাটার যুগান্তকারী কর্মসূচি নিয়েছিলেন এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। দুলু বলেন, খাল শুধু খাল নয়, খালের মধ্যে যেমন পানি সংরক্ষণ করে রাখা হবে শুকনো মৌসুমে, তেমনি বর্ষা মৌসুমে পানি যাতে দ্রুত নিষ্কাশন হয়ে ফসলহানি না হয়, সে ব্যবস্থা রাখা হচ্ছে। এবার নতুন দুটি জিনিস আমরা সংযুক্ত করেছি। খালের পাড়ে গাছ লাগাচ্ছি। এটাও আমাদের নির্বাচনি প্রতিশ্রুতিতে রয়েছে। আগামী পাঁচ বছরে আমরা ২৫ কোটি গাছ লাগাবো। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. কবির জিন্নাসহ মানিকগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!