জাতীয়প্রধান খবর

পাটওয়ারীকে রিমান্ডে নিলে বাসে ককটেল হামলায় কারা জড়িত বের হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত- তা বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রাশেদ খাঁন বলেন, জামায়াত-এনসিপি হঠকারী বিরোধী দল এবং আওয়ামী লীগ ফ্যাসিস্ট বিরোধী দলÑ এই দুই চ্যালেঞ্জ মোকাবিলা করে বিএনপিকে সরকার পরিচালনা করতে হচ্ছে। তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা। দেশকে অস্থিতিশীল করতে জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ একত্রে বাস-ট্রেনে আগুন ও ককটেল হামলা চালাচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে ১১ দলীয় জোট আগামী ডিসেম্বর থেকে কর্মসূচি শুরু করতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, সাত মাসের সরকারের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি স্বাভাবিক নয়। জুলাইয়ে আন্দোলনকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। সরকারের উদ্যোগে আগামী দুই বছরের মধ্যে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট থাকবে না। প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে আওয়ামী লীগ দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!