খেলাধুলা

পাকিস্তান শিবিরে চোটের ধাক্কা

ওয়েস্ট ইন্ডিজ সফর শুরুর আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান। দলের উদীয়মান টপ-অর্ডার ব্যাটার আবদুল্লাহ ফজল কোমরের নিচের অংশে (লোয়ার ব্যাক) চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বোর্ড জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে তারৌবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুশীলনের সময় চোট পান ২৩ বছর বয়সী এই ব্যাটার। এমআরআই স্ক্যান ও চিকিৎসকদের মূল্যায়নের পর তাকে পুনর্বাসন প্রক্রিয়ায় (রিহ্যাবিলিটেশন) পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। সম্প্রতি পাকিস্তানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় এসেছিলেন আবদুল্লাহ ফজল। গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকেই দুই ইনিংসে দুটি অর্ধশতক হাঁকিয়ে ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। অভিষেক সিরিজেই নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়ে জাতীয় দলে জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন এই তরুণ ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি ম্যাচেও দারুণ ছন্দে ছিলেন ফজল। ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশের বিপক্ষে দুই ইনিংসেই অপরাজিত থেকে যথাক্রমে ৫০ ও ৪৮ রান করেন তিনি। ফলে প্রথম টেস্টের একাদশে তার জায়গা অনেকটাই নিশ্চিত বলে ধরা হচ্ছিল। কিন্তু অনুশীলনের চোট সেই সম্ভাবনায় বড় ধাক্কা দিল। ফজলের অনুপস্থিতিতে মিডল-অর্ডার ব্যাটার আওয়াইস জাফরের টেস্ট অভিষেকের সম্ভাবনা তৈরি হয়েছে। ফিটনেস সমস্যার কারণে সৌদ শাকিলকে দলে রাখা হয়নি, তার বদলি হিসেবেই স্কোয়াডে যোগ দেন জাফর। এছাড়া বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টে না খেলা ইমাম-উল-হক আবারও ওপেনিংয়ে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। চোটের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পিসিবি। তবে বোর্ডের ভাষ্য, এমআরআই স্ক্যান এবং ক্লিনিক্যাল মূল্যায়নের পর দলের মেডিকেল প্যানেল নিশ্চিত করেছে যে আবদুল্লাহ ফজলের সুস্থ হতে কিছু সময় পুনর্বাসনের প্রয়োজন হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে আগস্টে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। সেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দলটি। তবে দুই গুরুত্বপূর্ণ সিরিজেই মাঠের বাইরে থাকতে হবে আবদুল্লাহ ফজলকে, যা পাকিস্তানের ব্যাটিং বিভাগেও বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!