আন্তর্জাতিক

পাকিস্তানে খনি প্রকল্পে সশস্ত্র হামলায় নিহত অন্তত ১০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার কর্মকর্তারা এ তথ্য জানান। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আন্দোলনে জর্জরিত অঞ্চলে এটি সর্বশেষ সহিংসতা। কোয়েটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গত বুধবার চাগাই জেলার দারিগওয়ান এলাকায় পাকিস্তানি কোম্পানি ন্যাশনাল রিসোর্সেস প্রাইভেট লিমিটেড (এনআরএল)-এর খনি প্রকল্পে প্রায় ৪০ জন অস্ত্রধারী মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে করে হামলা চালায়। একজন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, ‘এ হামলায় সাত জন শ্রমিক ও তিন জন নিরাপত্তা কর্মীসহ ১০ জন নিহত হয়েছেন।’ তিনি আরও জানান, ‘জঙ্গিরা কয়েকজন কর্মীকে জিম্মি করেছেÑ এমন খবরও পাওয়া গেছে, তবে তা নিশ্চিত নয়।’ আরেকজন স্থানীয় পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হামলার এ সব তথ্য নিশ্চিত করেছেন। গত বুধবার রাতে এক বিবৃতিতে এনআরএল হামলার কথা স্বীকার করে জানায়, নিরাপত্তা বাহিনী, ‘দ্রুত সাড়া দিয়েছে ও এলাকা নিরাপদ করেছে।’এ হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় জাতিগত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এ অঞ্চলে হামলা বাড়িয়েছে। খনি প্রকল্পও তাদের লক্ষ্যবস্তু হয়েছে। ভূখণ্ডের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম ও সবচেয়ে দরিদ্র প্রদেশ বেলুচিস্তান শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নসহ প্রায় সব সূচকেই দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পিছিয়ে। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা অভিযোগ করে, প্রদেশটির প্রাকৃতিক গ্যাস ও বিপুল খনিজ সম্পদ কেন্দ্রীয় সরকার কাজে লাগালেও স্থানীয় জনগণ তাতে উপকৃত হচ্ছে না। প্রদেশটির সবচেয়ে সক্রিয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ফেব্রুয়ারিতে সমন্বিত একাধিক হামলা চালায়। এ সব হামলায় ১৯০ জনের বেশি মানুষ নিহত হয়। অতীতে বিচ্ছিন্নতাবাদীরা জাতিগত পরিচয়ের ভিত্তিতে শ্রমিকদের হত্যা করেছে। বিশেষ করে পাঞ্জাবি ও সিন্ধি শ্রমিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের ‘বহিরাগত’ হিসেবে অভিযুক্ত করা হয়। এনআরএল তাদের বিবৃতিতে জানায়, তাদের কর্মীদের ৯০ শতাংশই স্থানীয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!