প্রধান খবরসারাদেশ

পদ্মায় বাসডুবি: আর কেউ নিখোঁজ নেই, পন্টুন সরিয়ে পাওয়া যায়নি কিছু

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় আর কোনো নিখোঁজ দাবি নেই। ফলে উদ্ধার অভিযান শেষে পন্টুনটি সরানো হয়। পল্টুনের নিচেও কিছু পাওয়া যায়নি। গতকাল শনিবার সকাল ১০টার দিকে পন্টুনটি সরানো হয়। এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে বাসডুবির ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস ও ঘাট এলাকা পরিদর্শন করে। প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাটের পন্টুনটি সরিয়ে উদ্ধারকারীরা পানিতে নেমে পুনরায় তল্লাশি চালান। ডুবুরি দল পানির নিচে কোনো লাশ বা প্রয়োজনীয় জিনিসপত্র আছে কি না তা খুঁজে দেখেন। কিন্তু নতুন করে কিছু পাওয়া যায়নি। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস জানান, সর্বশেষ রিপন নামের শ্রমিকের নিখোঁজের দাবি করা হয়। পরে রিপনের সন্ধান মিলেছে ঢাকায়। রিপন তার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। বর্তমানে আর কোনো নিখোঁজ ব্যক্তি নেই। তাছাড়া নিখোঁজের বিষয়ে কেউ কোনো দাবি বা অভিযোগও করেননি। জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটির আহ্বায়ক ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে জানান, বাস দুর্ঘটনার সবদিক খতিয়ে দেখে তদন্তের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়া হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!