জাতীয়প্রধান খবর

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার অভিযোগ পাইনি: সড়কমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ গত এক সপ্তাহে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তার দাবি, অনেক পরিবহন মালিক যাত্রী আকর্ষণের জন্য নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নিচ্ছেন। গতকাল সোমবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত ভাড়া যদি ৭০০ টাকা হয়, অনেক পরিবহন মালিক যাত্রী টানতে ১০০ টাকা কমিয়ে ৬০০ টাকায় টিকিট বিক্রি করছেন। কেউ কেউ আবার ২০ টাকা কমিয়ে ৬৮০ টাকা নিচ্ছেন। তার মতে, নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার কোনো নজির গত সাত দিনে পাওয়া যায়নি। তবে আগে যে ভাড়া নেওয়া হতো, তার তুলনায় কোথাও কোথাও কিছুটা বেশি মনে হতে পারে। টার্মিনালে বাস পার্কিং নিয়ে সাময়িক কিছু সমস্যার কথাও স্বীকার করেন মন্ত্রী। তিনি বলেন, ঈদ সামনে থাকায় যাত্রীদের চাপ বাড়ছে, কিন্তু টার্মিনালে সব বাস একসঙ্গে পার্ক করার মতো পর্যাপ্ত জায়গা নেই। তাই পর্যায়ক্রমে বাস ঢোকানো ও বের করার ব্যবস্থা করা হয়েছে। এতে কিছুটা ভোগান্তি থাকলেও কয়েক দিনের মধ্যে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী, ভলান্টিয়ার, বিআরটিএ এবং মালিক-শ্রমিক প্রতিনিধিরা সমন্বয় করে কাজ করছেন বলেও জানান তিনি। সড়ক পরিবহনমন্ত্রী আরও বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। টার্মিনালে মোবাইল কোর্ট, ভিজিল্যান্স টিম এবং পুলিশের কন্ট্রোল রুম কাজ করছে। কোনো যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে কিছু ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জ থাকতে পারে। তবে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে এবং তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই। এ সময় মন্ত্রীর বক্তব্যের মাঝে উপস্থিত কয়েকজনের পক্ষ থেকে তেল না পাওয়ার অভিযোগ ওঠে। জবাবে তিনি বলেন, কোথাও তেল না পাওয়ার বিষয়টি জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না। গ্যারেজে গ্যারেজে গিয়ে মালিকদের সতর্ক করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ঈদ সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চে যাত্রীদের জন্য এবার স্বস্তিদায়ক ও নিরাপদ যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং সাইফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!