বিনোদন

নতুন রহস্য-থ্রিলার গল্পে মজেছেন দর্শকরা

একটি খুন, এক দম্পতি এবং দুজনের দুই রকম গল্প। কে সত্য বলছে, আর কে মিথ্যা-উত্তর খুঁজতে গিয়ে যত সামনে এগোনো যায়, ততই বদলে যেতে থাকে চরিত্রগুলো সম্পর্কে ধারণা। এমনই এক রহস্য-থ্রিলার গল্প নিয়ে তৈরি নেটফ্লিক্সের সিরিজ ‘হিজ অ্যান্ড হার্স’। মুক্তির কয়েক মাস পর নেটফ্লিক্সের ২০২৬ সালের প্রথম ছয় মাসের হিসাব প্রকাশ্যে আসতেই জানা গেছে, বছরের প্রথমার্ধে সবচেয়ে বেশি দেখা সিরিজ হয়েছে ‘হিজ অ্যান্ড হার্স’। জানুয়ারি থেকে জুন পর্যন্ত সিরিজটির ভিউ ১০ কোটি ৪ লাখ। অর্থাৎ রহস্য-থ্রিলারের এই সিরিজে মজেছেন নেটফ্লিক্সের বিপুলসংখ্যক দর্শক। ছয় পর্বের সিরিজটি মুক্তি পায় গত ৮ জানুয়ারি। অ্যালিস ফিনির ২০২০ সালের একই নামের উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন উইলিয়াম ওল্ডরয়েড। ‘লেডি ম্যাকবেথ’ ও ‘ইলিন’র মতো কাজের জন্য পরিচিত এই নির্মাতা সিরিজটিতে খুনের রহস্যের সঙ্গে যোগ করেছেন ভাঙা দাম্পত্য, পুরোনো সম্পর্ক ও অতীতের নানা গোপন ঘটনা। সিরিজটির অন্যতম নির্বাহী প্রযোজক জেসিকা চ্যাস্টেইন। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন টেসা থম্পসন ও জন বার্নথাল। গল্পের কেন্দ্রে রয়েছেন আনা অ্যান্ড্রুজ ও জ্যাক হার্পার। আনা আটলান্টার একজন টেলিভিশন সংবাদ উপস্থাপক। ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা টানাপোড়েনে তিনি অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছেন। এর মধ্যেই নিজের বেড়ে ওঠার শহর ডালোনেগায় একটি হত্যাকাণ্ডের খবর পান আনা। ঘটনাটি তার পুরোনো সাংবাদিক সত্তাকে আবারও জাগিয়ে তোলে। তিনি নিজেই হত্যাকাণ্ডের পেছনের সত্য খুঁজতে শুরু করেন। কিন্তু তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা জ্যাক হার্পারের সঙ্গে তার সম্পর্ক বিষয়টিকে আরও জটিল করে তোলে। কারণ জ্যাক আর কেউ নন, আনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্বামী। এখান থেকেই শুরু হয় সিরিজের মূল রহস্য। একই হত্যাকাণ্ডকে ঘিরে আনা ও জ্যাক যেন দুটি আলাদা গল্প বলছেন। একজন সাংবাদিক হিসেবে সত্য খুঁজছেন, অন্যজন গোয়েন্দা হিসেবে হত্যারহস্যের সমাধান করতে চাইছেন। কিন্তু তদন্ত যত এগোয়, সন্দেহের তির ততই ঘুরে যায় দুজনের দিকেই। সিরিজটির অন্যতম আকর্ষণ প্রধান দুই অভিনেতা টেসা থম্পসন ও জন বার্নথালের অভিনয়। ‘ক্রিড’, ‘থর’ ও ‘ওয়েস্টওয়ার্ল্ড’র মতো কাজে অভিনয়ের জন্য পরিচিত টেসা থম্পসন এখানে আনা চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে ‘দ্য পানিশার’ ও ‘দ্য বেয়ার’-এর মতো কাজের জন্য পরিচিত জন বার্নথাল অভিনয় করেছেন জ্যাকের চরিত্রে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!