সারাদেশত্রয়োদশ সংসদ নির্বাচনরাজনীতি

ধানের শীষে ভোট চাইলেন সাংবাদিক হত্যার মামলার আলোচিত আসামী, আ.লীগ নেতা বাবু চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধানের শীষের ভোট চাইলেন বাংলানিউজ২৪ ডটকমের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার মামলার আলোচিত প্রধান আসামী ও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় সাংবাদিক নাদিম হত্যা মামলার আলোচিত আসামী এবং আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু সাধারপাড়া এলাকায় ধানের শীষে ভোট চাইছেন।

এ সময় ভিডিও-তে মাহমুদুল আলম বাবুকে বলতে শোনা যায়, এই সাধুরপাড়া মানে এই বকশীগঞ্জ থানার সাতটি ইউনিয়ন তার মধ্যে আমার বকশীগঞ্জে যেহেতু বড় একটি কাজ করে দিয়েছে, আগে কেবি মডেল উচ্চ বিদ্যালয়ে এবারও যেন ওর চেয়ে বেশি কিছু করে নিতে পারি এবং ১২ তারিখে সবাই সুষ্ঠভাবে আপনারা সকাল সকাল ধানের শীষে ভোটটা দিবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। বাবু চেয়ারম্যানের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের পরিবার এবং জেলা সাংবাদিকসহ সর্বমহলে সমালোচনার ঝড় উঠে।

উল্লেখ্য, বাংলানিউজ২৪ ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম ২০২৩ সালের ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের গরুহাটি এলাকায় হামলার শিকার হন। হামলার পর দিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার তিনদিন পর ২০২৩ সালের ১৭ জুন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের  করেন। ওই মামলায় মাহমুদুল আলম বাবুকে প্রধান করে ২২ জনকে আসামি করা হয়। ওইদিনই পঞ্চগড় থেকে মাহমুদুল আলম বাবুকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে তিনি জামালপুর জেলা কারাগারে ছিলেন।

পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০২৪ সালের ১০ জুলাই কারাগার থেকে মুক্তি পান। জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই মাহমুদুল আলম বাবু আত্মগোপনে ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!