জাতীয়

দেশজুড়ে হামে উদ্বেগ, ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়। একই সময়ে নতুন করে আরও এক হাজারের বেশি শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে নতুন করে মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটছে। চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত হামের সংক্রমণ ও সন্দেহজনক রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে, যা স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়। এই সময়ের মধ্যে দেশে নতুন করে ৯০ জনের হাম শনাক্ত হয়েছে এবং এক হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে উপসর্গ দেখা গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশে মোট ৩৩ হাজার ৩৮৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে চার হাজার ৬৯৩ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৪৪২ জন শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৯ হাজার ১৮ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রমে ঘাটতি এবং সচেতনতার অভাবই হামের সংক্রমণ বাড়ার অন্যতম কারণ হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি ও টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “হাম প্রতিরোধযোগ্য রোগ, তবে সময়মতো টিকা না নিলে শিশুদের জন্য এটি মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।” এদিকে আক্রান্তের সংখ্যা বাড়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!