জাতীয়প্রধান খবর

দীর্ঘদিনের লুটপাটের সংস্কৃতি অনেকের মধ্যে এখনও রয়ে গেছে: কৃষিমন্ত্রী

বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছ কম লাগানোয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অসন্তোষ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে কথা বলেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেছেন, দীর্ঘদিনের লুটপাটের সংস্কৃতি অনেকের মধ্যে এখনও রয়ে গেছে। তবে সবাইকে বুঝতে হবে, প্রধানমন্ত্রী নিজেই বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি নিয়মিত তদারকি করেন। তাই এ কর্মসূচিতে অনিয়মের কোনা সুযোগ নেই। শনিবার কুমিল্লার টাউন হল মাঠে জাতীয় বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ডুলাহাজারা হয়ে কক্সবাজারে যে রেললাইন গিয়েছে, সেটি তৈরির সময় কয়েক লাখ গাছ কাটা হয়েছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সেখানে ৭ লাখ গাছ রোপণ করা হয়েছে। পরে খোঁজ নিয়ে দেখা গেছে গাছ লাগানো হয়েছে সর্বোচ্চ দুই লাখের মতো, যা সত্যিই দুঃখজনক। কৃষিমন্ত্রী বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এ লক্ষ্যে দেশের বন্যাকবলিত এলাকায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে। তিনি বলেন, দেশের যেসব এলাকায় বন্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেখানে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা সম্পন্ন হলে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!