জাতীয়

দক্ষতা মানে শুধু জিপিএ-৫ বা সার্টিফিকেট নয়: ঢাবি উপাচার্য

দক্ষতা মানে শুধু জিপিএ-৫ বা সার্টিফিকেট নয়, বরং নিজেকে পরিপূর্ণ ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। গতকাল শনিবার কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের ১৫ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাবি উপাচার্য প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) ‘ফাউন্ডেশন সার্টিফিকেট ইন ইউনিভার্সিটি টিচিং অ্যান্ড লার্নিং’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মশালা আয়োজনের ওপর গুরুত্বারোপ করে বলেন, এর মাধ্যমে শিষ্টাচার, আচরণ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের উৎকর্ষ সাধন করা সম্ভব। তিনি বলেন, বর্তমান পৃথিবী দক্ষতার পেছনে ছুটছে। দক্ষতা মানে শুধু জিপিএ-৫ বা সার্টিফিকেট নয়, বরং নিজেকে পরিপূর্ণ ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা। সারাবিশ্বে এখন আউটকাম বেসড এডুকেশনের জয়জয়কার। অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী আমাদের মডিউলগুলোকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে হবে এবং কারিকুলামের আধুনিকায়ন করতে হবে। প্রতি চার বছর পরপর আমাদের কারিকুলাম পরিবর্তন ও আপডেট করা দরকার। শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য ও ইতিবাচকভাবে নিজেদের উপস্থাপনের জন্য তিনি তরুণ শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীরাই আমাদের মূল সম্পদ। তাই আমাদের শিক্ষার্থীবান্ধব হতে হবে। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, কুমিল্লা ক্যান্টনমেন্টের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন এবং বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। অতিরিক্ত পরিচালক ড. মুস্তাক ইবনে আয়ূব প্রশিক্ষণের বিষয়বস্তু উপস্থাপন করেন। এসময় অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াহেদুজ্জামানসহ আইকিউএসি’র অতিরিক্ত পরিচালকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!