খেলাধুলা

জয়ের লক্ষে আজ মাঠে নামছে টাইগাররা

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে আজ সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। প্রথম ম্যাচ ২৬ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৪৮ রানের টার্গেট স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ৪৮.৩ ওভারে ২২১ রানে অলআউট হয় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা ঘুরে দাঁড়াবে বলে বিশ^াস করেন বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘আমি আশা করি পরের ম্যাচে ব্যাটাররা নিজেদের সেরাটা দিবে এবং দলের জন্য অবদান রাখবে।’ ব্যাটারদের ওপর চাপ কমাতে বল হাতে আরও উন্নতির কথা বললেন শরিফুল, ‘প্রথম ম্যাচে আমরা যদি আরো ভালো বোলিং করতে পারতাম, তাহলে ব্যাটারদের জন্য কাজ আরও সহজ হতো। আশা করি, বোলিং ইউনিট হিসেবে আমরা আরও ভালো পারফর্ম করে ব্যাটারদের কাজ সহজ করে দেব।’ মুস্তাফিজুর রহমানের ইনজুরিতে শেষ মুহূর্তে একাদশে সুযোগ পান শরিফুল। একাদশে সুযোগ পেয়ে ২২ গজে নিজের সেরাটা উজার করে দিয়েছেন তিনি। ১০ ওভার বল করে ২৭ রানে ২ উইকেট নেন ২০২৪ সালের ডিসেম্বরের পর ওয়ানডে খেলতে নামা শরিফুল। শরিফুলের পাশাপাশি বল হাতে দারুণ পারফরমেন্স করেছেন দলের অন্যান্য বোলাররাও। তাসকিন আহমেদ ৫০ রানে এবং রিশাদ হোসেন ৪৪ রানে ২টি করে উইকেট নেন। এছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রানা ১টি করে উইকেট শিকার করেন। প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে নিউজিল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ জয় নিশ্চিত করতে চায় ব্ল্যাক-ক্যাপসরা। নিউজিল্যান্ড পেসার ন্যাথান স্মিথ বলেন, ‘আমাদের জন্য এই সিরিজ জয় হবে অনেক বড় অর্জন। আমরা এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে ভাল পারফরমেন্স করতে চাই। এই সিরিজের সাফল্য দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আত্মবিশ^াস জোগাবে।’ তিনি আরও বলেন, ‘এই গরমে প্রথমে বোলিং করা কঠিন। ছোট-ছোট স্পেলে এবং দলীয় বোঝাপড়াই হবে মূল চাবিকাঠি। টস গুরুত্বপূর্ণ হবে। প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে লক্ষ্য ছুঁড়ে দিয়ে চাপে রাখাই সঠিক সিদ্ধান্ত হবে।’ ২০২৩ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। যা ছিল ২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে কিউইদের প্রথম সিরিজ জয়। সব মিলিয়ে ৪৭ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে নিউজিল্যান্ড ৩৫ এবং বাংলাদেশ ১১ ম্যাচে জয় পেয়েছে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড দল
টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, বেন লিস্টার ও উইল ইয়ং।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!