জামালপুরে ৩ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ যুবদল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে ৩ হাজার ৬শ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ৩৫ হাজার টাকাসহ দুইজনকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দুপুরে জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের ব্রাহ্মনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও গুজামানিকা এলাকার মজিবর রহমানের ছেলে আল আমিন শেলু (৪২) এবং হাজরাবাড়ী পৌর এলাকার ব্রাহ্মনপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে আইয়ুব আলী (৪৮)।
জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে উপ-পরিদর্শক (এসআই) খসরু আল মামুন জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাজরাবাড়ী পৌর এলাকার ব্রাহ্মনপাড়া গ্রামে আইয়ুব আলীর বাড়ীতে অভিযান পরিচালনা করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় আইয়ুব আলী ও আল আমিন শেলুকে চারশ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আইয়ুব আলীর দেয়া তথ্যের ভিত্তিতে তার ঘর থেকে আরও তিন হাজার দুইশ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়ারা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এছাড়াও আটকদের থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়।
মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু জানান, বিষয়টি শুনেছি, সাংগঠনিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। মাদকসহ যারা অন্যায়ের জড়িত তাদরে কউকে ছাড় দেয়া হবে না।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে উপ-পরিদর্শক (এসআই) খসরু আল মামুন বলেন, ৩ হাজার ৬শ পিস ইয়াব ট্যাবলেট ও নগদ ১ লাখ ৩৫ হাজার টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের প্রস্ততি চলছে।




