জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জাম, কার্তুজসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম, কার্তুজ ও চাপাতিসহ এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। আটকের পর বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃত যুবকের নাম মো: নাঈম(২০) সে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার তালুকদারের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা বুধবার রাত ২টারদিকে দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম, এক রাউন্ড কার্তুজ, দুটি চাপাতি, ৪টি মোবাইল উদ্ধার করা হয়।
এ সময় সাইফুল ইসলামের ছেলে মো: নাঈমকে আটক করে যৌথ বাহিনী। পরে বৃহস্পতিবার সকালে আটককৃত নাঈমকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, মো: নাঈমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।




