
নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের ইসলামপুরে উপজেলা বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় এমপি সুলতান মাহমুদ বাবুর ব্যবহৃত এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের ব্যক্তিগত গাড়ি ভাংচুরের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ডেকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন।
আজ রোববার বিকেলে উপজেলার পৌর এলাকার ধর্মকুড়ায় দলীয় অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে নিজেকে ‘নির্দোষ’ দাবি করে পাল্টা অভিযোগ তোলেন গাড়ি ভাঙচুরের শিকার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোনীত নুরুল ইসলাম নবাব।
তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি সম্ভাব্য প্রার্থী হওয়ায় ষড়যন্ত্রের শিকার হচ্ছি। আওয়ামী লীগের আমলে মাঠে থেকে আন্দোলন-সংগ্রামের কারনে গ্রেপ্তার হয়েছি।গায়েবি মামলায় হয়রানির শিকার হয়েছি। অসহ্য কষ্ট যন্ত্রণা নিয়ে রাজনীতি করতে হয়েছে সে সময়। কিন্তু এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা চলছে। আমাকে নিয়ে নান রকম বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে এক পক্ষের লোক।
সংবাদ সম্মেলন ডেকে দলীয় পদ থেকে আমার বহিষ্কারের দাবি করা হয়েছে। অথচ আমি একজন নির্যাতিত। আমার এবং আমার স্ত্রীর বিরুদ্ধে যেসব অভিযোগ তোলে হয়েছে, তা সবই মিথ্যা। আমার ওপর জুলুম করা হচ্ছি। এছাড়াও গত শুক্রবার সন্ধ্যার আমার এবং এমপি মহোদয়ের ব্যবহৃত গাড়ি যারা ভাঙচুর করেছে তাদের আইনের আওতায় আনার দাবি করছি।
অন্যদিকে, গতকাল শনিবার রাতে পৌর শহরের সিরাজাবাদ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি সকল অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান বিএনপির নেতা নুরুল ইসলাম নবাবের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তিনি বলেন, নবাব গাড়ি ভাঙচুরের ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে এমপি মহোদয়ের মেয়ে ও উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা সাফিজ বিনতীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। অথচ নবাব নিজেই দলীয় পদ ব্যবহার করে বিভিন্ন জায়গায় থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।আমরা তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়াসহ তাঁকে দলীয় পদে থেকে বহিষ্কারের দাবি করছি।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারে দেশীয় অস্ত্রসহ বিএনপির কিছু লোকজন ডাকবাংলো প্রাঙ্গণে ঢুকে সেখানে রাখা নবাবের গাড়ি ভেবে এমপির গাড়ি ভাঙচুর করে। পরে বিষয়টি বুঝতে পেরে নবাবের গাড়িটিও ভাঙচুর করে তারা। এই ঘটনা কে কেন্দ্র করে চরগোয়ালিনী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইউসুফকে মারধরের অভিযোগ উঠে।




