সারাদেশ
জাবিপ্রবিতে ‘ভূ-প্রযুক্তির পরিচিতি’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল

ইয়াসির আরাফাত, জাবিপ্রবি প্রতিনিধি:
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘ইন্ট্রোডাকশন টু জিওটেকনোলোজি: আন্ডারস্ট্যান্ডিং দ্যা আর্থ থ্রু ল্যাবরেটরি স্টাডিস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জিওলজিকাল সোসাইটির উদ্যোগে আয়োজনে একাডেমিক ভবনের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয় ৷ জাবিপ্রবির ভূতত্ত্ব বিভাগ ও ভূতাত্ত্বিক সোসাইটির সভাপতি সহকারী অধ্যাপক মো: নাজমুল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোশারফ হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক মো: আসমাউল ইসলাম৷ তিনি ভূ-প্রযুক্তির মৌলিক ধারণা, ল্যাবরেটরি-ভিত্তিক ভূ-গবেষণার গুরুত্ব এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভূ-তথ্য বিশ্লেষণের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে খনিজ সম্পদ অনুসন্ধান, ভূমিকম্প ঝুঁকি নিরূপণ, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই অবকাঠামো উন্নয়নে জিওটেকনোলজির প্রয়োগ নিয়ে তিনি আলোকপাত করেন।
এ সময় সেমিনারে আরো উপস্থিত ছিলেন ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মৃণাল কান্তি রায় চৌধুরী, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহম্মদ শাহজালাল, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. এনামুল হক, ভূতত্ত্ব বিভাগের প্রভাষক ওয়াহিদা আখতার ও ইসরাত জাহান ইভা এবং ভূতত্ত্ব সোসাইটির সহ-সভাপতি (ভিপি) মো: আমানউল্লাহ আমানসহ বিভাগের শিক্ষার্থীরা ৷ আলোচনা পর্বে বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে ভূ-প্রযুক্তি গবেষণা ও শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করছে। শিক্ষার্থীদের গবেষণামুখী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের একাডেমিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী সেমিনার শেষে সন্ধ্যায় একাডেমিক ভবনের প্রাঙ্গনে আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ৷




