ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আজ মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হবে। বিএনপি সরকারের মন্ত্রিসভার বিপরীতে ছায়া মন্ত্রিসভা করার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। গতকাল সোমবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছায়া মন্ত্রিসভা গঠনের রীতি আছে। আমাদের দেশেও এমন কিছু হলে আমরা স্বাগত জানাই। সালাহ উদ্দিন বলেন, মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি। কারণ, জাতীয় সংসদ সদস্য ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। তাই স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন সিইসি। সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় এ নেতা বলেন, বর্তমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর কোনও এখতিয়ার সিইসির নেই। যদি সংবিধানে এটি অন্তর্ভুক্ত করা হয় তাহলে সংবিধান সংশোধন করতে হবে।




