আন্তর্জাতিক

গাদ্দাফির ছেলেকে হত্যায় ৩ সন্দেহভাজন শনাক্ত লিবিয়ার

গত মাসে সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে হত্যার ঘটনায় তিন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার লিবিয়ার প্রসিকিউটররা এ তথ্য জানান। যদিও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। ত্রিপোলি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে গত ফেব্রুয়ারির শুরুতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাইফ। একসময় দেশটির সম্ভাব্য উত্তরসূরী হিসেবে মনে করা হত তাকে। প্রসিকিউটর কার্যালয় জানায়, তদন্তে সন্দেহভাজনদের মিলিত হওয়ার স্থান; অপরাধ সংঘটনের সময় এবং ঘটনাস্থলে তাদের উপস্থিতি নিশ্চিত করা গেছে। সবার পরিচয়ও শনাক্ত করা হয়েছে। ফেসবুকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, তাদেরকে গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে। পিতা গাদ্দাফির শাসনামলে উত্তর আফ্রিকার দেশটিতে সাইফ আল-ইসলামের আনুষ্ঠানিক পদ ছিল না। তবে তাকে কার্যত লিবিয়ার প্রধানমন্ত্রী হিসেবেই দেখা হত। তিনি সংস্কার ও মধ্যপন্থার ভাবমূর্তি গড়ে তুলেছিলেন। তবে ২০১১ সালের ‘আরব বসন্ত’ দমনে ‘রক্তের নদী’ বইয়ে দেওয়ার হুমকি দিলে সেই ভাবমূর্তি ভেঙে পড়ে। ২০১১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই বছর লিবিয়া কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে। পরে ত্রিপোলির একটি আদালত সাইফ আল-ইসলামের মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে পরবর্তীতে তাকে সাধারণ ক্ষমাও করা হয়েছিল। গাদ্দাফি পুত্রের ফরাসি আইনজীবী মার্সেল সেকালদি এএফপিকে জানান, চার সদস্যের একটি কমান্ডো দল সাইফের বাড়িতে ঢুকে তাকে হত্যা করে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!