সারাদেশ

কর্ণফুলী নদীতে লাইটার জাহাজডুবি, ১২ জনকে উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নেভাল একাডেমির বিপরীতে গতকাল মঙ্গলবার ভোরে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আট জনকে এবং পরে আরও চার জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সাগর থেকে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ আসা-যাওয়া করে কর্ণফুলী নদী দিয়ে। তবে দুর্ঘটনার কারণে বন্দরে জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও চিফ পারসোনাল অফিসার নাসির উদ্দিন জানান, ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের একটি লাইটার জাহাজ আংশিক ডুবে যায়। তবে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে হোয়াটসঅ্যাপে জানানো হয়, লাইটার জাহাজটি ডুবে যাওয়ার খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা অভিযান শুরু করেন। তাৎক্ষণিকভাবে আট জনকে এবং পরে আরও চার জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। বন্দর জানায়, লাইটার জাহাজটি বে হারবার লিমিটেডের। জাহাজটিতে পাথর বোঝাই করা ছিল। দুর্ঘটনার পর জাহাজটি উদ্ধারে মালিকপক্ষ চেষ্টা করছে বলে জানিয়েছে বন্দর।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!