আন্তর্জাতিক

এস্তানিয়ার বিরুদ্ধে রাশিয়ার প্রকাশ্য যুদ্ধের হুমকি

প্রতিবেশী বাল্টিক দেশ এস্তোনিয়ার বিরুদ্ধে অসংখ্য ‘বৈরী কর্মকাণ্ড’ পরিচালনার অভিযোগ তুলে দেশটিকে সরাসরি ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিয়েছে রাশিয়া। গত সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ এস্তোনিয়া এমন সব উসকানিমূলক পদক্ষেপ নিচ্ছে, যা মস্কোর সঙ্গে প্রকাশ্য যুদ্ধ বাঁধানোর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করার এস্তোনিয়ার সাম্প্রতিক ঘোষণা ও বাল্টিক সাগরে একটি রুশ জাহাজে ইউক্রেনীয় হামলার পর ক্রেমলিনের পক্ষ থেকে এই তীব্র প্রতিক্রিয়া এলো। সীমান্ত বন্ধ করার সিদ্ধান্তে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে গত সোমবার মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার চার্জ দ্য অ্যাফয়ার্স মারেক উহতেগিকে তলব করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এস্তোনিয়া ‘রুশ-ভীতিমূলক’ আচরণ করছে ও তাদের কর্মকাণ্ড খুব বিপজ্জনক হয়ে উঠেছে। দেশটির বিরুদ্ধে অন্যান্য অভিযোগ হিসেবে মন্ত্রণালয় বলেছে, এস্তোনিয়া ‘উত্তর-পশ্চিম রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনীয় ড্রোনগুলোকে তাদের আকাশসীমা ব্যবহারের নীরব সম্মতি দিয়েছে’। তবে তালিন দ্রুতই এই দাবি প্রত্যাখ্যান করেছে। এছাড়া বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজের চলাচলে বাধা দেওয়ার চেষ্টা, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহণ নিষিদ্ধ করা, রুশ ভাষা নিষিদ্ধ করার চেষ্টা ও রুশ অর্থোডক্স গির্জা বন্ধের হুমকি দেওয়ারও অভিযোগ তুলেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, “রাশিয়ার জাতীয় স্বার্থ ও নাগরিকদের বৈধ অধিকার রক্ষার লক্ষ্যে ব্যাপক রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার রুশ পক্ষ সংরক্ষণ করে।” এস্তোনিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক জাতিগত রুশ জনগোষ্ঠী বসবাস করে, যাদের সঙ্গে বৈষম্য করা হয় বলে মস্কো প্রায়ই দাবি করে থাকে। ২০১৪ সালে পূর্ব ইউক্রেনে রাশিয়ার অনুপ্রবেশের ক্ষেত্রেও ওই অঞ্চলে রুশ ভাষাভাষীদের অধিকার দমনের অভিযোগকে ভিত্তি হিসেবে দেখিয়েছিল মস্কো। চলতি মাসের শুরুর দিকে এস্তোনিয়া ঘোষণা দেয়, আগামী ১ ডিসেম্বর থেকে অন্তত ছয় মাসের জন্য তারা রাশিয়ার সঙ্গে থাকা সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেবে। একটি এস্তোনীয় প্রতিরক্ষা কোম্পানিতে অগ্নিসংযোগের চেষ্টার পেছনে রুশ গোয়েন্দা সংস্থার হাত রয়েছে- এমন অভিযোগ এনে তালিন এই পদক্ষেপ নেয়। এটি এস্তোনিয়া ও রাশিয়ার মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। কিয়েভের মিত্র তালিন এই ঘটনাকে ইউক্রেনে মস্কোর যুদ্ধের সঙ্গে যুক্ত বৃহত্তর বৈরী তৎপরতার অংশ হিসেবে দেখছে। তবে এই হামলায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সীমান্ত বন্ধ করার এই সিদ্ধান্ত ‘অনিবার্যভাবে বুমেরাং হবে- শুধু তালিনের নিজের জন্যই নয়, বরং ইইউ ও ন্যাটোতে থাকা তার মিত্রদের জন্যও’। এক বিবৃতিতে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সব অভিযোগের জবাব না দিলেও ইউক্রেনীয় সামরিক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়, “আমড়া সাধারণত রুশ অপপ্রচারের জবাব দিই না বা এতে জড়াই না, তবে এক্ষেত্রে আমড়া পুনর্ব্যক্ত করতে পারি যে, এস্তোনিয়া কখনোই অন্য কোনো দেশের সামরিক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।” এতে আরও যোগ করা হয়, “আমাদের অঞ্চলের অন্যান্য দেশও এই অবস্থান স্পষ্ট করেছে।” রাশিয়া দীর্ঘদিন ধরে এস্তোনিয়া ও বাল্টিক অঞ্চলের অন্যান্য ন্যাটো দেশের বিরুদ্ধে ইউক্রেনীয় ড্রোনকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার অভিযোগ করে আসছে। ইউক্রেনীয় ড্রোন প্রায়ই ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করেছে, তবে কিয়েভের দাবি- রুশ সিগন্যাল জ্যামিংয়ের কারণেই এমনটি ঘটে। ন্যাটো দেশগুলো ইচ্ছাকৃতভাবে ড্রোনকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার অভিযোগ বারবার অস্বীকার করেছে এবং এই অনুপ্রবেশের জন্য রাশিয়াকেই দায়ী করেছে। বার্লিনে বক্তব্য রাখার সময় ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেন, গত সপ্তাহে পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র অনুপ্রবেশের পাশাপাশি এস্তোনিয়ার পরিস্থিতিও ন্যাটো পর্যবেক্ষণ করছে। তিনি আরও জানান, জবাব দেওয়ার জন্য ন্যাটোর হাতে বিকল্প ব্যবস্থা রয়েছে। রুট বলেন, “আমড়া পোল্যান্ড ও এস্তোনিয়াসহ অন্যান্য জায়গার পরিস্থিতি দেখছি। সামরিক বিষয়ের ক্ষেত্রে, আমড়া সবসময় আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা মূল্যায়ন করব ও প্রয়োজন অনুযায়ী তা হালনাগাদ করব।”
তথ্যসূত্র: আল-জাজিরা

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!