ইজিবাইককে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়লো ট্রাক, নিহত ৩

নাটোরের লালপুরে ট্রাকচাপায় একটি ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে চার জন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাহিদুল ইসলাম (৫০), মনিরুল ইসলাম (২৭) ও বাবুল (৩৫)। তারা সবাই উপজেলার দূড়দুড়ীয়া ইউনিয়নের ছোটবাদকয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে একটি ইজিবাইক যাচ্ছিল। পথে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দিয়ে পার্শ্ববর্তী ঘরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও চার জন আহত হন। আহতদের মধ্যে পাঁচ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েক জন হলেন- চালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত যান জব্দ করে থানায় নিয়ে যায়। লালপুর থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজনের লাশ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




