জাতীয়

আরও ১ লাখ টন জ্বালানি তেল নিয়ে আসছে জাহাজ

আরও এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে আসছে একটি অয়েল ট্যাংকার জাহাজ। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে গত সোমবার ‘এমটি ফসিল’ নামে ওই জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এ তথ্য নিশ্চিত করে বলেন, গত সোমবার রাতে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে ক্রুড অয়েল নিয়ে রওনা দেওয়া জাহাজটি আগামী ২৩ মে কুতুবদিয়ায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর লাইটার জাহাজের মাধ্যমে এ তেল খালাস করা হবে। তিনি আরও বলেন, চলতি মাসের শেষের দিকে সৌদি আরব থেকে আরও একটি জাহাজ ক্রুড অয়েল নিয়ে দেশে আসার কথা রয়েছে। তবে জাহাজটিতে কবে নাগাদ তেল লোড করা হবে তার শিডিউল এখনও পড়েনি। এর আগে ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনোমিয়া’ নামে একটি অয়েল ট্যাংকার জাহাজ কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর দীর্ঘ দুই মাস পর বিকল্প পথে এই এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দেশে পৌঁছে অয়েল ট্যাংকার জাহাজটি। এর আগে যুদ্ধ শুরুর আগে ২৮ ফেব্রুয়ারি এক লাখ টন অপরিশোধিত তেল আমদানি করা হয়েছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেল সংকটে গত ১৫ এপ্রিল থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির জোন-১ ও ২ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। ৬ মে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে ট্যাংকার জাহাজ দেশে আসার পর ৮ মে থেকে পুনরায় প্রতিষ্ঠানটিতে উৎপাদন শুরু হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!