খেলাধুলা

আইসিসি থেকে শাস্তি পেলেন হারিস রউফ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে মাঠে বাজে আচরণের জন্য শাস্তি পেয়েছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। তার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি তার নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। একই ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে থেকে ওভার শেষ করায় জরিমানা গুনতে হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদেরও। লাহোরে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসের সঙ্গে মাঠে বিতর্কে জড়িয়ে পড়েন রউফ। আইসিসি জানিয়েছে, খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী ব্যক্তিদের আচরণবিধির ২.২ ধারা ভঙ্গ করেছেন পাকিস্তানের এই পেসার। খেলাটির চেতনার পরিপন্থী আচরণের বিষয়টি এই ধারার আওতাভুক্ত। এ ঘটনায় রউফকে আনুষ্ঠানিকভাবে সতর্কও করা হয়েছে। গত ২৪ মাসে এটি তৃতীয় অপরাধ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। যদিও এই ম্যাচটি ছিলো নাটকীয়তায় ভরপুর। ইংল্যান্ডের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে এক উইকেটের রোমাঞ্চকর জয় পায় পাকিস্তান। শেষ দিকে অপরাজিত সেঞ্চুরি করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন শাদাব খান। শাদাব ও হারিস রউফ শেষ উইকেটে অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটি গড়ে পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন। হাতে ১৭ বল রেখেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!