অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিয়মিত খেলতে চান শান্ত

ডারউইন টেস্টে জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তবে ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র দেড় দিনে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে টাইগারদের। ঘরের মাঠের পরিচিত কন্ডিশনের বাইরে অস্ট্রেলিয়ার পেসারদের সামলাতে গিয়ে ব্যাটারদের অসহায়ত্বও ছিল চোখে পড়ার মতো। তবে এমন কন্ডিশনে খেলার অভিজ্ঞতাকেই ভবিষ্যতের জন্য কাজে লাগাতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অস্ট্রেলিয়ার সামর্থ্য মেনে নিয়ে তিনি মনে করছেন, নিয়মিত এমন পরিবেশে খেললেই উন্নতি সম্ভব। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘আমরা জানি অস্ট্রেলিয়া কত ভালো দল। তারা তাদের চেহারা দেখিয়েছে। এই টেস্ট ম্যাচে আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি। এটা ছিল ভিন্ন কন্ডিশন। বাতাসে একটু হালকা বাড়তি বাউন্স ও সুইং ছিল। আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল।’ এ ধরনের কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথও বাতলে দিয়েছেন টাইগার অধিনায়ক। তার মতে, নিয়মিত এমন কন্ডিশনের মুখোমুখি হওয়ার বিকল্প নেই। তিনি বলেন, ‘দল হিসেবে এগিয়ে যেতে হলে এই ধরনের কন্ডিশন মোকাবেলা করতে হবে আমাদের। আমি মনে করি এই অভিজ্ঞতা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। সব ব্যাটারদের জন্য এটা বেশ কঠিন ছিল। তাদের ব্যাটিংও শরিফুলের কারণে অস্বস্তিতে পড়েছিল। সত্যি কথা বলতে এই কন্ডিশনে ব্যাট করা বেশ কঠিন।’ অস্ট্রেলিয়ার মাটিতে আরও বেশি খেলার সুযোগ পাওয়ার আকাক্সক্ষাও প্রকাশ করেছেন শান্ত। তার মতে, একই ধরনের কন্ডিশনে নিয়মিত খেলতে পারলে বাংলাদেশের ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার দক্ষতা বাড়বে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের নিয়মিত হতে হবে এবং আমি বিশ^াস করি একই কন্ডিশনে যদি আমরা আরও বেশি সুযোগ পাই এটা আমাদের সাহায্য করবে। আমরা সেটাই চাই। এখানে আসার জন্য ২৩ বছর অপেক্ষা করার দরকার নেই। আমরা যদি প্রায় এখানে আসার সুযোগ পাই আমাদের খেলার উন্নতি হবে।’




