জাতীয়প্রধান খবর

অননুমোদিত ক্লিনিক চলতে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবা খাতের মান উন্নয়নে কোনো ধরনের অননুমোদিত ও মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে ঈদের ছুটি শেষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য। সেই অনুযায়ী, অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। তিনি বলেন, যদি কোনো ক্লিনিক ন্যূনতম চিকিৎসাসেবার মান বজায় রাখতে ব্যর্থ হয়, তবে কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে সেই ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে। রাজধানী থেকে শুরু হওয়া এই তদারকি কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশে চলবে। ঈদের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিগত দেড় যুগের মধ্যে এবারের ঈদুল ফিতর সবচেয়ে স্বস্তিতে ও শান্তিতে উদযাপিত হয়েছে। ঈদে দ্রব্যমূল্য স্বাভাবিক ছিল, যা সাধারণ মানুষের মনে বাড়তি স্বস্তি দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে। সামগ্রিকভাবে বলতে গেলে, সব মিলিয়ে এবারের ঈদ অত্যন্ত ভালো কেটেছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!