প্রধান খবরসারাদেশ

সাত মাসের দীর্ঘ বিরতি শেষে সুন্দরবনে জেলেরা

দীর্ঘ সাত মাসের বিরতি শেষে জীবিকার তাগিদে পাঁচ মাসের জন্য সুন্দরবনে ছুটেছেন উপকূলের জেলেরা। শুঁটকি আহরণের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে লোকালয় ছেড়ে নৌপথে সুন্দরবনের দুবলার চরের উদ্দেশে রওনা দেন তারা। গতকাল শুক্রবার ভোর থেকেও অনেক জেলে যাত্রা করেন। ইলিশ সংরক্ষণে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর শুরু হয়েছে শুঁটকি আহরণের নতুন মৌসুম। তবে মধ্যরাতে রওনা দেওয়া জেলেরা সকালে দুবলার চরে পৌঁছেই বৈরী আবহাওয়ার মুখে পড়েন। সকাল নাগাদ কয়েক হাজার জেলে চরে পৌঁছেছেন। ঝড় ও বৃষ্টির কারণে তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানিয়েছেন দুবলা শুঁটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই জেলেরা চরে অস্থায়ী ঘর ও শুঁটকি শুকানোর মাচা তৈরির কাজ করছেন। বিকেল নাগাদ অন্তত ১০ হাজার জেলে ও ব্যবসায়ী চরগুলোতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সমুদ্র মোহনায় সুন্দরবনের আলোরকোল, শ্যালারচর, নারিকেলবাড়িয়া, অফিসকেল্লা ও মেহের আলীরচর নিয়ে গড়ে উঠেছে বৃহত্তর দুবলার চর। এসব এলাকায় অস্থায়ী ঘর তৈরি করে সাগরে মাছ আহরণ ও শুঁটকি প্রক্রিয়াজাত করবেন জেলেরা। লইট্যা, ছুরি, রূপচাঁদা, মোচন, মেদ, ভোল, লাখ্যা, তেলা পারশে, মধু পারশে, চাকা, চালি ও টাইগার চিংড়িসহ প্রায় শত প্রজাতির মাছের শুঁটকি তৈরি হয় এই পল্লীতে। পরে এসব শুঁটকি দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিদেশে পাঠানো হয়। মাছ আহরণ ও শুঁটকি তৈরির এই মৌসুমকে কেন্দ্র করে সুন্দরবন ও উপকূলীয় এলাকায় প্রায় লাখো মানুষের কর্মসংস্থান হয়। জেলেরা প্রাকৃতিক পরিবেশ ও সূর্যের আলোতে শুঁটকি তৈরি করেন। বিষমুক্ত শুঁটকি হিসেবে সুন্দরবনের পণ্যের দেশ-বিদেশে চাহিদা রয়েছে। বিক্রিও হয় ভালো দামে। পাঁচ মাসের জন্য পরিবার-পরিজন ছেড়ে বনে যাওয়া জেলে ও ব্যবসায়ীদের মধ্যে এবার দস্যু আতঙ্ক বড় উদ্বেগ হয়ে দেখা দিয়েছে। সমুদ্রের ঝুঁকি, সুন্দরবনের বাঘ, সাপ ও কুমিরের পাশাপাশি ঝড়-জলোচ্ছ্বাসের আশঙ্কা তো রয়েছেই। এর সঙ্গে বেড়েছে বনদস্যুদের উৎপাত। অভিযোগ রয়েছে, দস্যুরা জেলে ও বনজীবীদের ধরে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়, মারধর এমনকি ভারতে পাচারের ঘটনাও ঘটাচ্ছে। এতে জেলে, ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জলদস্যুদের তৎপরতা বন্ধ না হলে মাছ আহরণ ও শুঁটকি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে জেলেদের জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি লোকসানে পড়তে পারেন ব্যবসায়ীরাও। এর বাইরে সুপেয় পানি, খাবার ও চিকিৎসাসেবার সংকটও রয়েছে। রামপাল উপজেলার শ্রিফলতলা গ্রামের জেলে রফিকুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই তিনি এ কাজ করছেন। সারা বছর লোকালয়ে তেমন কাজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই পাঁচ মাসের জন্য সুন্দরবনে যান। এই পাঁচ মাসে জেলেদের বেতন ৮০ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। আরেক জেলে সবুজ মোল্লা বলেন, এবার সুন্দরবনে তাদের সবচেয়ে বড় ভয় দস্যুদের নিয়ে। যখন-তখন জেলেদের ধরে নিয়ে যাচ্ছে তারা। কাউকে ধরে নিয়ে গেলে মারধর করা হয়, মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হয়। আবার কাউকে দীর্ঘদিন আটকে রাখা হয়। এভাবে চলতে থাকলে শুঁটকি আহরণ ব্যাহত হবে এবং জেলেদের আয় কমে যাবে। সুপেয় পানি, চিকিৎসা ও ঝড়-জলোচ্ছ্বাসের সময় আশ্রয়কেন্দ্রের সংকটের কথাও জানিয়েছেন রুহুল নামের এক জেলে। তিনি বলেন, পাঁচ মাস বনে অবস্থান করলেও সেখানে কোনো চিকিৎসক নেই। কারও সাপে কাটলে, হাত-পা ভাঙলে কিংবা অন্য কোনো অসুস্থতা দেখা দিলে আট থেকে নয় ঘণ্টা ট্রলার চালিয়ে মোংলা বা খুলনায় যেতে হয়। জেলেদের চিকিৎসা, সুপেয় পানি ও আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করার দাবি জানান তিনি। জেলে পরিবারের সদস্যদের মধ্যেও রয়েছে উদ্বেগ। সেলিনা বেগম বলেন, তার দুই ছেলে এবার শুঁটকি আহরণে সুন্দরবনে গেছেন। তারা সেখানে কাজ করলেও পরিবারের সদস্যরা বাড়িতে দুশ্চিন্তায় থাকেন। কখন দস্যুরা ধরে নিয়ে যায় কিংবা অন্য কোনো বিপদে পড়েন, সেই ভয় সব সময় কাজ করে। তার ভাষায়, একদিকে জলে কুমির, অন্যদিকে ডাঙ্গায় বাঘ, এমন পরিস্থিতির মধ্যেই আমাদের জন্য আয় করেন স্বামী-সন্তানরা। শুঁটকি ব্যবসায়ী জাকির শেখ বলেন, গত মৌসুমেও দস্যুদের তৎপরতা ছিল। অনেক জেলে ও ব্যবসায়ীকে চাঁদা দিতে হয়েছে। ফলে গতবার ভালো লাভ হয়নি। এবারও বনে কয়েকটি দস্যু বাহিনী সক্রিয় রয়েছে। তারপরও ব্যবসা টিকিয়ে রাখতে ঋণ করে জেলেদের নিয়ে যাচ্ছেন তিনি। দস্যুদের নিয়ন্ত্রণ করা না গেলে এবারও লোকসানের আশঙ্কা রয়েছে। একই উদ্বেগের কথা জানিয়েছেন শুঁটকি ব্যবসায়ী মোয়াজ্জেম শেখ, তায়েব আলীসহ অন্যরা। এদিকে সুন্দরবনে দস্যুদের আক্রমণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সাতক্ষীরার জেলেরা। সাতক্ষীরার আশাশুনি এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী আব্দুর রউফ বলেন, শুঁটকি আহরণে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হয়। মাছ পাওয়া, ভালো দামে বিক্রি এবং প্রাকৃতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ের ওপর লাভ-লোকসান নির্ভর করে। এবার প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি দস্যুদের প্রভাবও বেশি। তাদের নিয়ন্ত্রণ করা না গেলে এই ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হবে। ব্যবসা বন্ধ হলে হাজারো জেলে বেকার হয়ে পড়বেন। এদিকে গত বৃহস্পতিবার সকালে সুন্দরবনের দুবলার চরে শুঁটকি আহরণের উদ্দেশ্যে যাওয়ার জন্য মোংলার পশুর নদসংলগ্ন সিন্দুরতলা খাল এলাকায় ট্রলারে অপেক্ষা করছিলেন মেহেদী হাসান (২২) নামের এক জেলে। এ সময় তিনি ট্রলার থেকে খালে পড়ে নিখোঁজ হন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। সুন্দরবনের ৩১ দস্যু বাহিনীর আত্মসমর্পণের পর ২০১৮ সালের ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। এরপর কয়েক বছর দস্যুদের তৎপরতা না থাকলেও গত দুই বছরে বনে আক্রমণ, জেলে জিম্মি ও অপহরণের ঘটনা বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। চলতি শুঁটকি মৌসুমেও এ পরিস্থিতি অব্যাহত থাকলে বন বিভাগের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম বলেন, জেলেদের নিরাপত্তা ও শুঁটকি আহরণের লক্ষ্যমাত্রা পূরণে বন বিভাগ সতর্ক অবস্থানে থাকবে। জেলেদের সাধারণত রাতের বেলায় দস্যুরা ধরে নিয়ে যায়। এ কারণে কোস্টগার্ডকে রাতের টহল বাড়ানোর অনুরোধ করা হয়েছে। দস্যুদের আক্রমণ ঠেকাতে কোস্টগার্ডের রাতের টহল বৃদ্ধির পাশাপাশি বন বিভাগও সতর্ক থাকবে। আশা করা হচ্ছে, ভালোভাবে মৌসুম শেষ করা সম্ভব হবে। তবে দস্যুদের উৎপাত বেশি থাকলে রাজস্ব আয়ে প্রভাব পড়তে পারে। জেলেদের চিকিৎসাসেবার বিষয়ে তিনি বলেন, গত মৌসুমে বন বিভাগের পক্ষ থেকে কয়েকটি মেডিকেল ক্যাম্প করা হয়েছিল। এবারও এমন পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ফ্রেন্ডশিপ নামের একটি প্রতিষ্ঠান ভাসমান জলযানে চিকিৎসাসেবার ব্যবস্থা করবে। সবকিছু ঠিক থাকলে পাঁচ মাস ধরেই তারা জেলেদের সেবা দেবে। দুবলা জেলে পল্লী স্টেশনের ওসি মো. খলিলুর রহমান বলেন, এবার দুবলার চরে ১ হাজার আট ঘর তৈরির অনুমতি দেওয়া হয়েছে। অনেক জেলে ভোরেই চরে পৌঁছেছেন। আগের রাত থেকে ঝড় ও বৃষ্টি হওয়ায় তারা কিছুটা বিপাকে পড়েছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই অস্থায়ী ঘর ও মাচা নির্মাণের চেষ্টা করছেন তারা। বৃষ্টি ও ঝড় থামলে মাছ ধরা শুরু করবেন জেলেরা। ২০২৫-২৬ অর্থবছরে সুন্দরবনের শুঁটকি থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা রাজস্ব আয় হয়েছিল। চলতি মৌসুমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আট কোটি টাকা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!