বিদায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে নৌ ও বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান সদ্য বিদায়ী উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ: এদিকে, সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এসময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং এসডিজিবিষয়ক সিনিয়র সেক্রেটারি লামিয়া মোরশেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সাক্ষাৎকালে তোবগে একটি সংকটময় সময়ে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় এসে পৌঁছান। তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন।




