যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো আরও ৫৮ হাজার টন গম

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৮ হাজার ৩৫৯ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। গতকাল শনিবার খাদ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি জি-টু-জি-২ এর অধীনে এসব গম নিয়ে আমদানি করা হয়। ‘এমভি ডব্লিউএফ আরটেমিস’ নামক জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ এরই মধ্যে সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। জি-টু-জি-২ চুক্তির আওতায় মোট দুই লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে, যার তৃতীয় চালান হিসেবে ৫৮ হাজার ৩৫৯ টন গম নিয়ে জাহাজটি এখন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। এর আগে প্রথম ও দ্বিতীয় চালানে মোট এক লাখ ১৪ হাজার ৯৩ টন গম দেশে এসেছে। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত এসব গম খালাসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



