রাজনীতি

নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

রাজধানীর পীরেরবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্তা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। গতকাল বুধবার সকাল ৯টার দিকে পীরেরবাগে বিক্ষোভ মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন। গত মঙ্গলবার জামায়াতের নারী কর্মীদের ওপর এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলে জামায়াত নেতা মোবারক হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু তারা যদি আমাদের সাথে বিশৃঙ্খলা করতে আসে আমরা ছাড় দেবো না। জামায়াত-শিবিরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। এদেশের মানুষ আগামীতে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। সুতরাং জামায়াত সকল প্রস্তৃতি নিয়েই আগামী ইলেকশন ও সন্ত্রাসীদের মোকাবিলা করবে ইনশাল্লাহ। হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, এই পীরেরবাগ জামায়াত ও শিবিরের ঘাঁটি সুতরাং এখানে কোনো সন্ত্রাসীকে ছাড় করা হবে না। এদিকে, দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গতকাল (গত মঙ্গলবার) অত্যন্ত বেদনাদায়কভাবে বিএনপির লোকেরা জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাদের আবদ্ধ করে রেখেছে। কোনো ব্যক্তি বা দলের কোনো মব সৃষ্টি করার এখতিয়ার নাই, আমরা এই নোংরা মবের নিন্দা জানাই। আমরা দেখতে চাই মব যেন এখানেই শেষ হয়। দেশের মানুষ এখন অনেক সচেতন, মব করে জনগণের মত প্রভাবিত করার দিন শেষ। গতকাল বুধবার দুপুরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে আহত নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, তারা গতকাল (গত মঙ্গলবার) শুধু ভাইদের গায়ে নয়, আমাদের মা-বোনদের গায়েও হামলা করেছে। আমরা এর তিব্র নিন্দা জানাই। ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? তাদের ঘরে কি মা-বোন নেই? আমরা আর এ ধরনের নোংরা অবস্থা দেখতে চাই না। তিনি বলেন, সবাই জনগণের কাছে নিজের মতো অঙ্গীকার ও কার্যক্রম নিয়ে যাবে, জনগণ তাদের অতীত-বর্তমান চিন্তা করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট আমরা ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসন চাই। আমি ৩০০ আসনের প্রার্থীদের অনুরোধ করবো- দয়া করে মানুষকে স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতে দিন। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনারা যে অঙ্গীকার নিয়েছেন তা বাস্তবায়ন করতে হলে, আপনাদের দায়িত্ব পালন করুন। সবার জন্য সমতল মাঠ দিতে হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!