সন্তান এক্সে ডুবে আছে? এবার নজর রাখতে পারবেন অভিভাবকরাই

সন্তান সারাক্ষণ সামাজিক যোগাযোগমাধ্যমে ডুবে থাকছে? কার সঙ্গে কথা বলছে, কতক্ষণ ফোন ব্যবহার করছে, কী ধরনের কনটেন্ট দেখছে এসব নিয়ে দুশ্চিন্তার দিন শেষ হতে চলেছে। এবার অভিভাবকদের জন্য প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু করেছে ইলন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। এর মাধ্যমে সন্তানের অ্যাকাউন্ট ব্যবহারের ওপর নজর রাখার পাশাপাশি বেশ কিছু বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা।
শিশু-কিশোরদের মধ্যে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রবণতা বাড়ছে। পড়াশোনার প্রয়োজনে অনেক অভিভাবক সন্তানদের হাতে ফোন তুলে দিলেও অনলাইনে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যায়। বিশেষ করে অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ, অনুপযুক্ত কনটেন্ট দেখা কিংবা অতিরিক্ত সময় সোশ্যাল মিডিয়ায় কাটানো নিয়ে চিন্তিত থাকেন তারা। এই পরিস্থিতিতে অভিভাবকদের সুবিধা দিতেই নতুন নিয়ন্ত্রণব্যবস্থা এনেছে এক্স।
নতুন নিয়ম অনুযায়ী, ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্টে ডিফল্টভাবে নিরাপত্তাব্যবস্থা সক্রিয় থাকবে। ফলে এসব অ্যাকাউন্টের প্রোফাইল ব্যক্তিগত থাকবে। সংবেদনশীল ছবি বা ভিডিও দেখার সুযোগ সীমিত হবে এবং বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকবে।
যেসব বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা
নতুন প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থায় সন্তান গত সাত দিনে কতক্ষণ এক্স ব্যবহার করেছে, তা দেখতে পারবেন অভিভাবকরা। চাইলে প্রতিদিনের ব্যবহারের সময়ও নির্ধারণ করে দিতে পারবেন। ১৫ মিনিটের ব্যবধানে সময়সীমা ঠিক করার সুযোগ রয়েছে। নির্ধারিত সময় শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপটি লক হয়ে যাবে।
এছাড়া সন্তানের অ্যাকাউন্টে নতুন কেউ ফলো করতে চাইলে তার অনুমোদন দেওয়ার সুযোগ থাকবে অভিভাবকদের হাতে। নির্দিষ্ট কিছু শব্দ মিউট করে রাখা যাবে, যাতে সেসব শব্দসংক্রান্ত পোস্ট সন্তানের সামনে না আসে। সন্তানের ওয়ালে কী ধরনের পোস্ট বা ভিডিও দেখা যাবে, সেটিও কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব। পছন্দের বিষয় নির্বাচন করে ‘ফর ইউ’ ফিডে নির্দিষ্ট ধরনের কনটেন্ট দেখানোর ব্যবস্থা করতে পারবেন অভিভাবকরা।
সরাসরি বার্তার ক্ষেত্রেও থাকছে নজরদারির সুযোগ। সন্তান এক্সে কোন কোন অ্যাকাউন্টের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছে, সেই তালিকা দেখতে পারবেন বাবা-মা।
কোন বিষয়গুলোতে হস্তক্ষেপ করতে পারবেন না?
তবে প্যারেন্টাল কন্ট্রোল চালু হলেও সন্তানের অ্যাকাউন্টের সবকিছু নিয়ন্ত্রণ করার সুযোগ থাকছে না অভিভাবকদের। তারা সন্তানের ব্যক্তিগত বার্তা পড়তে পারবেন না। এমনকি সার্চ হিস্ট্রি দেখা, সন্তানের হয়ে পোস্ট করা কিংবা অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনের সুযোগও থাকছে না। অর্থাৎ সন্তানের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার ব্যক্তিগত যোগাযোগের কিছুটা গোপনীয়তাও বজায় রাখছে এক্সের এই নতুন ব্যবস্থা।




