বিএনপি সরকারকে হটানো যাবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গতকাল শুক্রবার সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও পানি পান করার মগ তুলে দেওয়া হয়। এ ছাড়া আগামী রোববার বাকি ৫৭ হাজার মগ ও নিমগাছের চারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়ার কৃতী সন্তানের জন্মদিনে শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেকের বাড়িতে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। শিক্ষার্থীদের শুধু গাছের চারা গ্রহণ নয়, সেটির যত্ন নিয়ে বড় করার দায়িত্বও নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। সহিংসতার মাধ্যমে তারা নিজেদের অবস্থান প্রকাশ করেছে। সরকার এখনও সহনশীল আচরণ করছে, তবে এটিকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের মানুষকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতায় জড়িত ব্যক্তিদের কারাগারে পাঠানো হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, কোনও পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে। গোপালগঞ্জের সহিংসতার ঘটনা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, সেখানে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ট্রাকে আগুন দিয়ে চালককে হত্যার ঘটনাও ঘটেছে। এ ধরনের সহিংসতা করে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে হটানো যাবে না। দেশের মানুষের শান্তি ও অর্থনৈতিক মুক্তির জন্য যা যা প্রয়োজন, বিএনপি সরকার তা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে গণমানুষের নেতা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি দেশের উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করছেন। দেশের ক্রান্তিলগ্নে জিয়া পরিবার সব সময় এগিয়ে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং এরপর তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। বগুড়ার সন্তান হিসেবে প্রধানমন্ত্রীকে নিয়ে তারা গর্বিত। তার পাশে থেকে সমর্থন দেওয়ার পাশাপাশি দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সারা বছর তরুণদের খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে প্রতিটি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। নতুন প্রজন্ম পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকুক এটাই সরকারের প্রত্যাশা। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে এসব পৌরসভাকে পরিকল্পিতভাবে সাজানো হবে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, উন্নত যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও আধুনিক নগরসেবা নিশ্চিত করতে উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। সেখানে তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




