আইটি

বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেন এআই

গবেষণার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে বিশ^জুড়ে গবেষকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ওপেন এআই। ‘চ্যাটজিপিটি ফর একাডেমিক রিসার্সারস’ কর্মসূচির আওতায় নির্বাচিত গবেষকেরা টানা ১২ মাস বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ পাবেন। এই কর্মসূচিতে মূল আবেদনকারীর পাশাপাশি তার প্রতিষ্ঠানের আরও দুজন সহযোগী গবেষকও সুবিধাটি পাবেন। অর্থাৎ, প্রতিটি গ্রান্টের আওতায় মোট তিনটি চ্যাটজিপিটি প্লাস অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ থাকবে। ওপেন এআই এর ঘোষণা অনুযায়ী, কর্মসূচির নতুন পর্যায়ের আবেদন শুরু হবে গত সোমবার থেকে। নির্ধারিত যোগ্যতা পূরণ করে আবেদনকারী প্রথম ৫০ হাজার গবেষককে এই গ্রান্ট দেওয়া হবে।

গবেষণায় যেসব কাজে ব্যবহার করা যাবে
গবেষণার বিভিন্ন ধাপ সহজ ও গতিশীল করতে চ্যাটজিপিটি প্লাস ব্যবহার করতে পারবেন নির্বাচিত গবেষকেরা। এর মধ্যে রয়েছে গবেষণাপত্র খোঁজা ও পর্যালোচনা, নতুন গবেষণার ধারণা তৈরি, তথ্য বিশ্লেষণ, গবেষণার জন্য কোড লেখা ও সংশোধন এবং গবেষণাপত্র ও অনুদানের আবেদন প্রস্তুত করা। এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ ও ব্যাবহারিক সহায়তাও দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত গবেষক ও পোস্টডক্টরাল গবেষকেরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের গত তিন বছরের মধ্যে নিজ নিজ গবেষণার বিষয়ে প্রকাশিত গবেষণাপত্রের প্রমাণ থাকতে হবে। কর্মসূচির আওতাভুক্ত গবেষণার বিষয়গুলো হলো জীববিজ্ঞান, রসায়ন, উপাদানবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, পৃথিবী ও গ্রহবিজ্ঞান, প্রকৌশল, গণিত এবং পদার্থবিজ্ঞান।

প্রায় দেড় লাখ গবেষক পাবেন সুবিধা
নতুন পর্যায়ে মোট ৫০ হাজার গ্রান্ট দেওয়ার পরিকল্পনা করেছে ওপেন এআই। প্রতিটি গ্রান্টে তিনজন গবেষক সুবিধা পাওয়ায় নতুন পর্যায়ে প্রায় দেড় লাখ গবেষক এই সুযোগের আওতায় আসতে পারেন। আগের পর্যায়ের অংশগ্রহণকারীদের যুক্ত করলে মোট সুবিধাভোগীর সংখ্যা দুই লাখে পৌঁছাতে পারে। চীন ও হংকং ছাড়া বিশে^র অন্যান্য অঞ্চলের যোগ্য গবেষকেরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। ফলে বাংলাদেশের গবেষকদের জন্যও থাকছে আবেদনের সুযোগ। তবে আবেদনকারীর শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণার বিষয় এবং প্রকাশিত গবেষণাপত্রের যোগ্যতা ওপেন এআই এর নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। তাই আবেদন করার আগে ওপেন এআই এর ওয়েবসাইটে কর্মসূচির বিস্তারিত নির্দেশনা ও যোগ্যতার শর্ত যাচাই করে নেওয়া প্রয়োজন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!