খাজার পাশে দাঁড়ালেন তার স্ত্রী র্যাচেল

স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নতুন করে আলোচনায় এসেছে উসমান খাজার আত্মজীবনীমূলক বই ‘সবর’-এর কারণে। ২০১৮ সালে কেপটাউনের সেই বিতর্কিত টেস্টে বল টেম্পারিংয়ের সঙ্গে দলের সবাই জড়িত, সাবেক ওপেনারের এমন দাবির পর বিভক্ত হয়ে পড়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। তোপের মুখে পড়া খাজাকে এবার সমর্থন জানালেন তার স্ত্রী র্যাচেল। খাজার বইয়ে উঠে এসেছে, ৮ বছর আগের সেই দক্ষিণ আফ্রিকা সফরে পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে স্যান্ডপেপার নিয়ে আলোচনা করা হয়েছিল। এমনকি সেই ম্যাচে বলে স্যান্ডপেপার ব্যবহারও করা হয়েছিল। সেই ম্যাচে বিষয়টি কারও নজরে না এলেও এক ম্যাচ পর কেপটাউনে ধরা পড়েন ক্যামেরন ব্যানক্রফট। খাজা জানান, ওই সফরে ড্রেসিংরুমের সবাই জানতো স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিংয়ের পরিকল্পনার কথা। কিন্তু শাস্তি পেয়েছেন কেবল অধিনায়ক স্টিভ স্মিথ, সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং মূল অপরাধী ব্যানক্রফট। সবার দোষের মাশুল কেন শুধু তিনজনকে নিতে হবে, তা নিয়ে অস্বস্তিতে ছিলেন খাজা। খাজার এই অভিযোগগুলো উড়িয়ে দিয়েছেন ওই ম্যাচের চার প্রধান বোলার। সম্প্রতি ৭০ মিনিটের বেশি সংবাদ সম্মেলন করে বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স অভিযোগগুলো অস্বীকার করে একে ‘দায়িত্বজ্ঞাণহীন আচরণ ও মানহানিকর’ বলে আখ্যা দেন। মিচেল স্টার্কও জানান, বোলারদের কোনো পূর্ব ধারণা ছিল না। ক্রিকেট অস্ট্রেলিয়া পুনরায় তদন্তের বিষয়টি নাকচ করে দিয়েছে। সম্প্রতি ওয়ার্নার খাজার অভিযোগকে ‘শতভাগ সত্যি’ বলে জানিয়েছেন। এবার স্বামীর পাশে থাকার ঘোষণা দৃঢ়কণ্ঠে দিলেন র্যাচেল। খাজা কেন এই কেলেঙ্কারির প্রসঙ্গ আবার তুলেছেন, এমন প্রশ্ন করা ব্যক্তিদের উদ্দেশ্য বক্তব্য দিয়েছেন খাজার স্ত্রী। তার দাবিগুলো নিয়ে প্রথম প্রকাশিত সিডনি মর্নিং হেরাল্ড-এর প্রতিবেদন শেয়ার করে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘প্রকাশিত মূল সংবাদটি যারা আসলে পড়তে চাননি তাদের জন্য আমি এটি আবার পোস্ট করলাম। পুরো ঘটনাটি জানতে আমি আপনাদের এই আর্টিকেল এবং আরও বেশি স্পষ্ট তথ্য পেতে আমি আপনাদের বই পড়ার জন্য অনুরোধ করছি।’ তিনি সমালোচকদের মনে করিয়ে দেন, এই বিতর্ক তার স্বামীর জীবন নিয়ে লেখা স্মৃতিকথার একটি অংশ কেবল। তিনি লিখেছেন, ‘মনে রাখবেন এটা পুরো বইয়ের একটি অধ্যায়। এটা উজির জীবনী এবং তার জীবনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কথা লেখা আছে। পছন্দ করুন আর না করুন, এটা তার গল্পের একটি অংশ।’




