জাতীয়প্রধান খবর

ওসমানী হাসপাতালের অনিয়ম দূর করতে উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবার ক্ষেত্রে অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা তুলে ধরে মন্ত্রী বলেন, শুধু নতুন অবকাঠামো নির্মাণ করলেই হবে না, বিদ্যমান হাসপাতালগুলোর সেবার মানও নিশ্চিত করতে হবে। গতকাল শনিবার সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যসেবাকে কেবল রোগের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না রেখে রোগ প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসা নেওয়ার চেয়ে আগেই রোগ প্রতিরোধ করা অনেক বেশি কার্যকর। রোগের চিকিৎসায় একজন মানুষকে আর্থিক ব্যয়ের পাশাপাশি শারীরিক ও মানসিক ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়। এ কারণে সরকার জনস্বাস্থ্যকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে, যাতে মানুষ অসুস্থ হওয়ার আগেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পেতে পারে। বাণিজ্যমন্ত্রী বলেন, মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি। সরকার স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সিলেট অঞ্চলের মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। তিনি বলেন, সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন, ১২০০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল প্রতিষ্ঠা, শিশুদের জন্য ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং ক্যান্সার হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটের রোগীদের অন্য অঞ্চলে ছুটে যাওয়ার প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রী বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটি চালু হলে সেখানে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আগামী জানুয়ারি থেকে বহির্বিভাগের মাধ্যমে সেখানে চিকিৎসাসেবা চালুর আশা করা হচ্ছে। তিনি বলেন, সিলেটে শিশুদের চিকিৎসাসেবা আরও উন্নত করতে আগামী বছরের বাজেটে ২০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলে বিশেষায়িত চিকিৎসার পরিসর ও সক্ষমতা বহুলাংশে বাড়বে। ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার বিষয়ে মন্ত্রী বলেন, এসব রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল। বিশেষ করে কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়, যা অনেক পরিবারের জন্য বড় ধরনের আর্থিক চাপ তৈরি করে। সরকার প্রদত্ত এককালীন এক লাখ টাকা চিকিৎসার সম্পূর্ণ ব্যয় মেটানোর জন্য যথেষ্ট না হলেও রোগীদের চিকিৎসা ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। তিনি বলেন, গতকাল শনিবার সিলেট সদর উপজেলার ৪০ জন রোগীর ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে সরাসরি এ অর্থ পাঠানো হয়। আগামী শুক্রবারে সিলেট সিটি করপোরেশন এলাকার আরও ৫২ জন রোগীকে এ সহায়তা দেওয়ার উদ্যোগ রয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতা আরও সম্প্রসারণ করা হবে। সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী খাদিমনগরে খাদিম পাম বাগানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!