প্রধান খবররাজনীতিসারাদেশ

বাড়িতে আগুন-বিস্ফোরণের ঘটনায় মামলা এমপি নুসরাতের

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। গত বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় উপস্থিত হয়ে নিজেই মামলাটি করেন এই সংসদ সদস্য। মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতেই মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মামলার এজাহারে নাম থাকা ব্যক্তিরা হলেন জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক রিদয়, জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এজাহার সূত্রে জানা গেছে, সংসদ অধিবেশনে অংশ নিতে ঘটনার সময় ঢাকায় ছিলেন নুসরাত তাবাসসুম। তার বাবা আব্দুল হালিম, মা জহুরা খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। এজাহারে বলা হয়, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। বাইরে বের হয়ে তারা বসতঘর, উঠান ও বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখেন। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সেখান থেকে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এজাহারে ক্ষয়ক্ষতির বিবরণে বলা হয়েছে, আগুনে বাড়ির প্রায় এক-তৃতীয়াংশ মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পুড়ে গেছে। গোয়ালে থাকা তিনটি ছাগলও মারা গেছে। এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নুসরাত তাবাসসুম। হামলার পেছনে রাজনৈতিক বিরোধ ও পূর্বপরিকল্পনার অভিযোগও করেছেন এই সংসদ সদস্য। এজাহারে তার দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করে আসছিলেন। এ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে। এদিকে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানিয়েছেন, সংসদে বিরোধী দলের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় কমিটির সদস্যরা নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। সেখানে তারা সংসদ সদস্যের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রেস ব্রিফিং করবেন। এ কারণে গতকাল শুক্রবারও গ্রামের বাড়িতে অবস্থান করবেন নুসরাত তাবাসসুম।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!