সারাদেশ
মাদারগঞ্জে ৫শ’ টাকা বাজিতে জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫শ’ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খাওয়ার ঘটনায় সাদুল্লাহ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দী মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাদুল্লাহ ওই এলাকার হাফিজল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার কোয়ালিকান্দী বাজারে কয়েকজন অটোরিকশাচালকের সঙ্গে ৫০০ টাকার বাজি ধরেন সাদুল্লাহ। বাজির শর্ত অনুযায়ী তিনি একটি জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খেয়ে ফেলেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজনের উপস্থিতিতে এক ব্যক্তি জীবন্ত শালিক পাখির পালক ও চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছেন। এ সময় তাকে ‘৫০০ টাকা মারা খাইলোরে’ বলতেও শোনা যায়।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের মতে, বাজি বা বিনোদনের নামে একটি জীবন্ত পাখির প্রতি এমন নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি জানতে পারে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাদুল্লাহকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, সাদুল্লাহ নামে এক ব্যক্তির জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। শেরপুর থেকে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে।




