মহাসড়কে অটো-ফাইন সিস্টেম চালুর প্রথম ২৪ ঘণ্টায় ৪৪৬ স্বয়ংক্রিয় জরিমানা

সড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো-ফাইন সিস্টেম’। এই সিস্টেম চালুর পর প্রথম ২৪ ঘণ্টায় ৪৪৬টি প্রসিকিউশন দেওয়া হয়েছে। অর্থাৎ, যেসব যানবাহন ট্রাফিক আইন ভেঙেছে, সেসব গাড়ির মালিকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে জরিমানার তথ্য এসএমএসের মাধ্যমে পাঠানো হয়েছে। গতকাল বুধবার হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মুনতাসিরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো-ফাইন সিস্টেমের উদ্বোধন করেন। এরপরই এর কার্যক্রম শুরু হয়। প্রথম ২৪ ঘণ্টায় ৪৪৬টি প্রসিকিউশন দেওয়া হয়েছে। তিনি জানান, মহাসড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং উল্টো পথে গাড়ি চালানোর মতো ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এআই প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়েছে। পরে গাড়ির নম্বর শনাক্ত করে সংশ্লিষ্ট মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জরিমানার তথ্য পাঠানো হয়েছে।




