রাজনীতি

বিপদে সেনাবাহিনী সবসময় দেশের পাশে দাঁড়িয়েছে: রাশেদ খাঁন

দেশের যে কোনো সংকটময় মুহূর্তে সেনাবাহিনী সবসময় পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, পাহাড় থেকে সেনাবাহিনীকে সরিয়ে দিলে অশান্তি বাড়বে। সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে থাকুক, এটা অনেকে চায় না। মূলত তারা চাঁদাবাজি করার জন্য সেনাবাহিনী থাকুক, এটা চায় না। এ দেশে সেনাবাহিনীর কোনো বিকল্প নেই। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র, সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের শীর্ষক এক সেমিনারে এ বলেন তিনি। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি, হত্যাসহ নানান সমস্যা-সংকটের কথা তুলে ধরা হয়। এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী সেনাবাহিনীর দাড়ি নিয়ে কথা বলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, এর জন্য আপনি (পাটোয়ারী) জাতি এবং সেনাপ্রধানের কাছে দুঃখপ্রকাশ করেন। নাহিদ ইসলামের নির্দেশনায় নাসীরুদ্দীন পাটওয়ারী এসব খারাপ ও উগ্র বক্তব্য দিচ্ছেন। আজকে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যারা প্রশ্ন তুলছে, তাদের ভূমিকা নিয়েও এ দেশের মানুষের প্রশ্ন রয়েছে। সেনাবাহিনীকে নিয়ে এনসিপির কেন এত সমস্যা জানি না। তবে, গোপালগঞ্জের ওই ঘটনায় সেনাবাহিনীই কিন্তু আপনাদের উদ্ধার করেছে। পাহাড়িদের ছাড়া বাংলাদেশ হবে না উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, সবার আগে বাংলাদেশ এবং আমরা সবাই বাংলাদেশি। পাহাড়ে যারা বসবাস করছে, তাদের ছাড়া বাংলাদেশ হবে না। আমরা সবাইকে নিয়ে চলতে চাই। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দেবেন। আদিবাসী শব্দ নিয়ে কোনো বিতর্ক চলবে না। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে জঙ্গল সলিমপুর ঠিক করেছে, সেভাবে পাহাড় ঠিক করতে হবে। পাহাড়ে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকার ড. ইউনূস মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি জানিয়ে রাশেদ বলেন, ড. ইউনূস মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ওই সময় যাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের বেশিরভাগ অযোগ্য ছিল। নাহিদ ইসলাম যে ৬ মাস দায়িত্ব পালন করেছে, তিনি গণমাধ্যমের সংস্কার করতে পারেনি। মাহফুজ আলমও পারেনি। এনসিপিকে উদ্দেশে তিনি বলেন, তারা একসময় জামায়াতের বিরুদ্ধে কথা বলতো, এখন জামায়াতের সঙ্গে জোট করেছে। এ জোটের নেতৃত্বে আর কোনো গণঅভ্যুত্থান সফল হবে। বিএনপি সরকারের পতন হলেও আপনারা কিন্তু দেশ চালাতে পারবেন না। নাকি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য আপনারা এগুলো করছেন। এসময় কর্নেল অলি আহমদ নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো কথা বলছেন মন্তব্য করে রাশেদ খাঁন বলেন, কর্নেল অলি আহমেদ এনসিপির নেতাদের ফাঁদে পা দিয়েছেন এবং তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো কথা বলছেন। এভাবে তার অধঃপতন হবে, ভাবতেও পারিনি। এসময় সেমিনারে প্রধান অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!