সারাদেশ

শিক্ষামন্ত্রীর পাশে থাকবে বেসরকারি শিক্ষক-কর্মচারী চাকরি জাতীয়করণ ঐক্যজোট

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি তুলে ’৭১ এর পরাজিত শক্তি, ’২৪ এর পতিত শক্তি আর একটি ভুঁইফোড় শক্তির যৌথ প্রযোজনায় জাতির চোখে ধুলো দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বেসরকারি শিক্ষক-কর্মচারী চাকরি জাতীয়করণ ঐক্যজোট। ঐক্যজোটের উদ্যোগে গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে শিক্ষামন্ত্রীর পাশে থাকার কথা জানিয়েছেন নেতারা। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি ও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেসরকারি শিক্ষক-কর্মচারী চাকরি জাতীয়করণ ঐক্যজোটের সদস্য সচিব প্রিন্সিপাল মো. সেলিম মিঞা। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। আর কোনো ষড়যন্ত্র করা হলে জাতীয় প্রেস ক্লাবে লাখ লাখ শিক্ষকের সমাবেশ ঘটিয়ে জবাব দেওয়া হবে। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান বলেন, শিক্ষামন্ত্রী হিসেবে তার কোনো বিকল্প নেই। তাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনি শিক্ষাখাতে বিপ্লব ঘটিয়ে দেবেন। আগামী পাঁচ বছর যেন আমরা তাকে শিক্ষামন্ত্রী হিসেবে পাই। লিখিত বক্তব্যে প্রিন্সিপাল মো. সেলিম মিঞা বলেন, এ দেশের ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়ার শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রিয় আস্থাভাজন ব্যক্তিত্ব শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে দেশের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন। যিনি বিগত বিএনপি সরকারের আমলে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা, শিক্ষাব্যবস্থায় মানবিক মূল্যবোধ জ্ঞানচর্চা, সন্ধ্যা হলেই ঘরে বসে লেখাপড়া করার পুরোনো ঐতিহ্য আমাদের চিরায়ত গৃহপাঠ সংস্কৃতি চালু ও শিক্ষাকে আর্ন্তজাতিক মানে উন্নীত করার বৈপ্লবিক পরিবর্তন আনার শুভ সূচনা করেছেন। তা ব্যাহত করার লক্ষ্যে স্বার্থান্বেষী মহল সুকৌশলে কোমলমতি ছাত্র-ছাত্রীদের ভুল বুঝিয়ে ভাঙচুর, রাস্তা-ঘাট অবরোধ, যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে চলছে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলে ’৭১ এর পরাজিত শক্তি, ’২৪ এর পতিত শক্তি আর একটি ভুঁইফোড় শক্তির যৌথ প্রযোজনায় জাতির চোখে ধুলো দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যতই ষড়যন্ত্র হোক সব চক্রান্ত ভেদ করে এই বীর জাতি জনগণের বিপুল ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের আস্থাভাজন ও বিশ্বস্ত এহছানুল হক মিলনের সুযোগ্য আদর্শিক শিক্ষার চেতনায় সামনের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের করজোড়ে অনুরোধ করবো, ছাত্রছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে নিতে নিজ নিজ দক্ষতা ব্যবহার করুন। অভিভাবকদের উদ্দেশে বলবো, আপনাদের সন্তানদের পড়ালেখার টেবিলে বসান। নিয়মিত পড়ালেখায় আগ্রহী করে তুলুন। আমরা সব শিক্ষক-শিক্ষিকা শিক্ষানুরাগী সুশীল সমাজকে ঐক্যবদ্ধভাবে যোগ্য, মেধাবী, নিষ্ঠাবান আদর্শিক শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পাশে থাকার অনুরোধ করছি। আমরা জ্ঞানচর্চার মতো জাতীয় আদর্শিক বিষয়টি নিয়ে যেন কাউকে রাজনীতি করতে না দেই। আমরা আদর্শিক ও মেধাভিত্তিক অগ্রগামী মানবিক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের প্রতি আমরা ঐক্যবদ্ধ থাকবো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক কাজী মাঈনুদ্দিন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আব্দুল আউয়াল, অধ্যক্ষ মো. রাকিব উদ্দিন খান, যুগ্ম মহাসচিব রোকেয়া চৌধুরী বেবী, অধ্যাপক মো. আব্দুল হাকিম, সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুনিমুল হক, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মুফতি মাওলানা মো. মুজিরউদ্দিন, রামপুরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ হোসনে আরা বেগম প্রমুখ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!