আন্তর্জাতিক

পেরুতে মিনিবাস খাদে পড়ে ১৪জন নিহত

পেরুর উত্তরাঞ্চলে গত বৃহস্পতিবার একটি মিনিবাস সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। সান হুয়ান পৌরসভার প্রাতিষ্ঠানিক যোগাযোগ বিভাগের প্রধান রিকার্দো চিলন এএফপিকে জানান, ‘একটি মিনিবাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় ১৪ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।’ সান হুয়ান পৌরসভাটি রাজধানী লিমা থেকে ৮০০ কিলোমিটারের বেশি উত্তরে কাজামার্কা অঞ্চলে অবস্থিত। চিলন জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা পৌঁছেছেন এবং উদ্ধার কাজ শুরু করেছেন। নিহতদের মধ্যে মনিবাসের চালক ও একটি শিশু রয়েছে। তিনি বলেন, মিনিবাসটিতে সান হুয়ান জেলা থেকে সিউদাদ দে দিওস যাওয়ার পথে মোট ১৯ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। দমকল বিভাগের কর্মকর্তা এডসন রোমান সাংবাদিকদের জানান, এখনো ছয়টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘উদ্ধার অভিযান আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে। মিনিবাসটি গভীর খাদে আটকে রয়েছে।’ পেরুতে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। এর প্রধান কারণ হিসেবে দুর্বল সড়ক অবকাঠামো, ট্রাফিক আইন প্রয়োগে ঘাটতি এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালানো’কে দায়ী করা হয়। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর পেরুর সড়ক দুর্ঘটনায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। সূত্র: এএফপি

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!