খেলাধুলা

তবে কি দ্যা হান্ড্রেডে খেলা হচ্ছেনা ফিজের?

চোটের কারণে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম ওয়ানডে খেললেও দ্বিতীয় ওয়ানডেতে ফিজকে একাদশে রাখেনি বাংলাদেশ। পরে জানানো হয়, চোটের কারণে জিম্বাবুয়ে সফরই শেষ হয়ে গেছে মুস্তাফিজের, দেশে ফিরে যাবেন তিনি। ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্যা হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলার কথা আছে মুস্তাফিজের। ড্রাফট থেকে এক লাখ পাউন্ডে ফিজকে দলে টেনেছিল বার্মিংহাম। ফিজের চোট থেকে সেরে উঠতে চার সপ্তাহের মত লাগবে বলে জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান। দ্যা হান্ড্রেডের নতুন আসর শুরু হবে ২১ জুলাই, চলবে ১৬ আগস্ট পর্যন্ত। ফিজ চোট থেকে সেরে উঠে টুর্নামেন্টে অংশ নিতে পারবেন কিনা তা এক প্রশ্ন। যদিও মুস্তাফিজকে বার্মিংহামের জার্সিতে খেলানোর ব্যাপারে আশা এখনও ছেড়ে দেননি দলটির পারফরম্যান্স ডিরেক্টর জেমস থমাস। এক বিবৃতিতে থমাস বলেছেন, ‘মুস্তাফিজুরের চোট নিয়ে তার সঙ্গে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করার পর সিদ্ধান্ত হয়েছে, পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে তিনি (মুস্তাফিজ) বার্মিংহামে আসবেন। সেখানে আমাদের মেডিকেল বিভাগ তার অবস্থা মূল্যায়ন করবে। এরপরই আমরা নির্ধারণ করতে পারব, এ বছরের দ্যা হান্ড্রেডের কোনো পর্যায়ে মুস্তাফিজ খেলতে পারবে কি না।’ থমাস আরও জানিয়েছেন, ‘আমরা আশাবাদী, এ বছর মুস্তাফিজুর বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলতে পারবেন। তবে আমাদের মূল্যায়নের সম্ভাব্য সব ফলাফলের জন্যই বিকল্প পরিকল্পনা প্রস্তুত থাকবে। ততদিন পর্যন্ত আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি, চোটের আরও মূল্যায়ন এবং মাঠে ফেরার উপযুক্ত পরিকল্পনা (রিটার্ন-টু-প্লে প্রোটোকল) নিশ্চিত করতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে নিবিড়ভাবে আমাদের কাজ চালিয়ে যাব।’ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বরাবরই হটকেক মুস্তাফিজুর রহমান। দ্যা হান্ড্রেডে অবশ্য এবারই প্রথম সুযোগ পেলেন। খেলতে পারলে প্রথম বাংলাদেশি হিসেবে এই টুর্নামেন্টে খেলবেন মুস্তাফিজ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!