নভোএয়ারের ফ্লাইটে ত্রুটি, মেরামতের পর আবার সচল

যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করা নভোএয়ারের সেই উড়োজাহাজটি মেরামতের পর আবার সচল হয়েছে। গত শুক্রবার রাতেই সেটি মেরামত করা হয় এবং গতকাল শনিবার সকাল থেকে নির্ধারিত ফ্লাইট পরিচালনা করছে। বিষয়টি নিশ্চিত করেছে নভোএয়ার কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটিতে গুরুতর কোনো যান্ত্রিক সমস্যা ছিল না। জরুরি অবতরণের পর যাত্রীদের অন্য একটি ফ্লাইটে কক্সবাজারে পাঠানো হয়। পরে প্রকৌশলীরা প্রয়োজনীয় মেরামত সম্পন্ন করেন। তারা আরও জানান, গত শুক্রবার রাতেই উড়োজাহাজটি সচল হওয়ার পর নির্ধারিত সূচি অনুযায়ী সৈয়দপুরের উদ্দেশ্যে ফ্লাইট পরিচালনা করে। উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের বিজিউ-৯৩৫ ফ্লাইটটি উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠতে না পারায় প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আকাশে চক্কর দিয়ে বিমানটি নিরাপদে ঢাকায় জরুরি অবতরণ করে। ওই উড়োজাহাজে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহণবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও যাত্রী হিসেবে ছিলেন। ঘটনার পর তিনি সাংবাদিকদের বলেন, বেসরকারি এয়ারলাইনসগুলো যে পুরোনো উড়োজাহাজ পরিচালনা করছে, সেগুলোর ফিটনেস আরও কঠোরভাবে পরীক্ষা করা প্রয়োজন। যাত্রীবাহী উড়োজাহাজের নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। নিয়মিত ও কার্যকর ফিটনেস পরীক্ষা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও গুরুতর দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। এটি শুধু বিমান চলাচলের বিষয় নয়, যাত্রীদের জীবন ও নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। এ ঘটনায় ফ্লাইটটির যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।




