নীলফামারীতে অফিস উদ্বোধন নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধনকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে সংঘর্ষের শঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি বিষয়টি নিশ্চিত করেছেন। জারিকৃত আদেশে বলা হয়, জলঢাকা পেট্রোল পাম্প ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ কারণে সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা রয়েছে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হলো। আদেশে আরও বলা হয়, এ সময়ে ওই এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন, যেকোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা অধিকসংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে। জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা রোধে সজাগ রয়েছে প্রশাসন। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।




