জামালপুরে জানালার গ্রিল কেটে বিচারক দম্পত্তির বাসায় চুরি

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পৌর শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পতির ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
জানা যায়, জামালপুর আদালতের সিভিল জজ আহমাদুল কবির সাকিল মঙ্গলবার বিকেলে তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনিকে গ্রামের বাড়িতে পাঠানোর জন্য বাসা থেকে বের হন। বাসায় কেউ না থাকায় জানালার গ্রিল কেটে হীরার আংটি, ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রাতে আহমাদুল কবির সাকিল বাসায় ফিরে বাইরে থেকে দরজার তালা খুলে ঘরে প্রবেশ করতে না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। এ সময় জানালার গ্রিল কাটা এবং ঘরের সকল আসবাবপত্র খোলা ও অন্যান্য জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছিল।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূর মোহাম্মদ জানান, বিচারক দম্পতির তৃতীয় তলার ভাড়া বাসায় গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত চলছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




