খেলাধুলা

নাহিদ রানার সাথে নিজেকে তুলনা দিলেন পাকিস্তানি পেসার দহানি

পাকিস্তানের বিপক্ষে বরাবরই সফল নাহিদ রানা। তবে ঢাকা টেস্টে যা তিনি করলেন, তা লেখা থাকবে ইতিহাসের পাতায়। মিরপুরে টেস্টের পঞ্চম ও শেষ দিনে বলতে গেলে নাহিদ একাই ধসিয়ে দেন পাকিস্তানকে। খ্যাতনামা সব পেসারের দেশকে হার উপহার দেন গতির ঝড় তুলে। বাংলাদেশের জয়ের পর পাকিস্তানের জনপ্রিয় সাংবাদিক মোহাম্মদ ফুরকান ভাট্টি পাকিস্তানের পেসারদের খোঁচা দিয়ে বার্তা দিয়েছিলেন। এবার সেই বার্তা নিয়ে জবাব দিলেন পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দহানি। বলা বাহুল্য, তিনি নিজেকে নাহিদ রানার সমকক্ষ বোঝাতে চেয়েছেন। নাহিদের সিক্স প্যাক ফিটনেসের একটি ছবি পোস্ট করে ফুরকান লিখেছিলেন, ‘এটা বাংলাদেশের টাইগার নাহিদ রানার ছবি। এমন ফিটনেস আছে এমন শুধু একজন পাকিস্তানি ফাস্ট বোলার আমাকে দেখান। আমি অপেক্ষা করছি।’ বর্তমান সময়ে পাকিস্তানের ফাস্ট বোলারদের আগের খ্যাতি নেই। যদিও বিগ ব্যাশ, কাউন্টির মতো টুর্নামেন্টে এখনও আছে তাদের বিচরণ। অনেকে আবার বিদেশি লিগের মোহে এড়িয়ে চলছেন লাল বলের ক্রিকেট। পাকিস্তানি পেসারদের খোঁচা দিয়ে ঐ সাংবাদিক লিখেন, ‘যারা ইনজুরি নিয়েও খেলতে নামেন, তারা এই পোস্টটি এড়িয়ে যান। আর যারা টেস্ট ক্রিকেটকে উপেক্ষা করে শুধু বিগ ব্যাশ খেলেন, তারা খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ুন।’ তবে ফুরকানের এই চ্যালেঞ্জ হালকাভাবে নেননি শাহনেওয়াজ দহানি। পাকিস্তানের হয়ে ২টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলা ২৭ বছর বয়সী এই পেসারের একটি ছবি নাহিদের ছবির পাশে বসিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন এক ভক্ত। যেখানে লেখা, ‘ফুরকান ভাট্টি, পরেরবার আমাকে আরও কঠিন চ্যালেঞ্জ দিও অনুগ্রহ করে। দেখো, এটা শাহনেওয়াজ দহানি।’ আর তা নিজের স্টোরিতে শেয়ার করেছেন দহানি নিজেই। দহানির এই স্টোরি অবশ্য গর্বিত করেনি পাকিস্তানিদের। বরং আন্তর্জাতিক ক্রিকেটে, বিশেষত টেস্ট ক্রিকেটে এখন পাকিস্তানের ফাস্ট বোলিং ইউনিটের যে দৈন্যতা, তা তুলে ধরে উল্টো পাকিস্তানের অনেকেই সমালোচনা করছেন দহানির। দহানি এখনও পাকিস্তানের হয়ে অবশ্য টেস্ট খেলার সুযোগ পাননি। এমনকি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মোটে ৩৪টি। অথচ ২০১৯ সালে হয়েছিল অভিষেক। পাকিস্তানের সীমিত ওভারের দলে সুযোগ পেলেও খুব একটা সুবিধা করতে পারেননি। নিয়মিত ১৪০ কিলোমিটারের ওপরে বল করতে পারলেও লাইন-লেন্থে ধারাবাহিক না থাকায় জাতীয় দলে অভিষেকের পরও চলে গেছেন লাইমলাইটের বাইরে। এমন পেসার নাহিদ রানার সাথে নিজেকে তুলনা করছেন, তা দেখে অনেকেই মুচকি মুচকি হাসছেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!