অর্থনীতি

ডিবিএইচের মুনাফা বেড়েছে ২৬ শতাংশ

আবাসন খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) আর্থিক ফলাফল ঘোষণা করেছে। আজ সোমবার এই ফলাফল ঘোষণা করা হয়। তিন মাসে কোম্পানি কর-পরবর্তী নিট মুনাফা করেছে ১৯ কোটি ৬০ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। ডিবিএইচ ফাইন্যান্স জানিয়েছে, তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৭৭ পয়সা। এছাড়া আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির নিট সুদজনিত আয় ৩১ শতাংশ এবং পরিচালন আয় ৮ শতাংশ বেড়েছে। প্রথম প্রান্তিক শেষে ডিবিএইচের খেলাপি ঋণের হার মোট ঋণের ১ শতাংশের কাছাকাছি, যা দেশের আর্থিক খাতে অন্যতম সর্বনিম্ন। কোম্পানিটি টানা ২০ বছর যাবৎ সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ (ট্রিপল এ) ধরে রাখতে সক্ষম হয়েছে। গত ৩১ মার্চ পর্যন্ত ডিবিএইচের মোট ঋণ ৪ হাজার ৫৩৮ কোটি টাকা। আমানতের পরিমাণ ৪ হাজার ৬১৮ কোটি টাকা। প্রতিষ্ঠানটি বর্তমানে প্রচলিত ও ইসলামিক শরিয়াহভিত্তিক উইং এর মাধ্যমে গ্রাহকদের আবাসন ঋণ প্রদানের পাশাপাশি মেয়াদি ও মুদারাবা আমানত সংগ্রহ করছে। ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন বলেন, ‘বর্তমানের প্রতিকূল সামষ্টিক অর্থনৈতিক পরিবেশেও কর্মদক্ষতা, সেবার মান এবং ঋণের গুণমান রক্ষায় আমাদের অব্যাহত মনোযোগই ডিবিএইচের সাফল্য নিশ্চিত করেছে এবং আমাদের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে আলাদা করে তুলেছে।’

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!