খেলাধুলা

শেখার শেষ নেই : হৃদয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে ব্যাট হাতে ভালো করেছেন তাওহীদ হৃদয়। নিজের ব্যাটিং অর্ডার পরিবর্তন হলেও চেষ্টা করেছেন রান করার। সাদা বলের সিরিজ শেষে হৃদয়ের লক্ষ্য এখন ঢাকা লিগ। এবারের আসরের খেলবেন মোহামেডানের হয়ে। গতকাল রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন উন্নতির কথা। মিরপুরে হৃদয় বলেছেন, ‘শিক্ষার শেষ নেই। সবাই তো শেখে। আপনারাও, আমরাও সবাই প্রত্যেকটা দিন সবাই চেষ্টা করে যে কিছু না কিছু শেখার জন্য। আমরা সবাই চেষ্টা করছি, আমিও করছি। ঠিক করা বা উন্নতি করার জায়গা যেসব আছে, সেখানে চেষ্টা করছি।’ কোনো কিছু চাপ হিসেবে দেখছেন না হৃদয়। নিতে চান চ্যালেঞ্জ, ‘চাপের কিছু নেই। প্রত্যেকটা জায়গাতেই, সব জায়গাতেই যদি আপনি চিন্তা করেন চাপ থাকে। কিন্তু চাপের ভেতর থেকে আপনি কতটুকু উপভোগ করবেন, কতটুকু টিমকে দিবেন বা নিজের কতটুকু পারফর্ম করবেন এটাই প্লেয়ার হিসেবে আপনার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটুকু নিতেই হবে।’ ক্রিকেটে দর্শকদের আগ্রহ আগের তুলনায় কি কমছে? এমন প্রশ্নে হৃদয় বলেন, ‘সবকিছু আলহামদুলিল্লাহ, রিজিকের ওপরে। যার রিজিকে যেটা থাকে। কিন্তু আগে যে ক্রেজটা ছিল এখন হয়তোবা আমার কাছে মনে হয় ক্রেজটা ক্রিকেটে একটু হলেও কমেছে, জানিনা আমি ভুলও হতে পারি। এখন কমার পেছনে হয়তোবা আমাদেরই দায় আছে যে, আমরা টিম হিসেবে ভালো করতে পারছি না।’

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!