
খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফুয়েল কার্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে এসে দুই যুবককে জরিমানা গুনতে হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার তুহিন মৌসুমী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী। এসময় মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, বুধবার দুপুরে তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ফয়সাল আহমেদ নামে যুবক ফুয়েল কার্ড দিয়ে জ্বালানি নিতে গেলে সেখানে দায়িত্বরত সদস্যের সন্দেহ হয়। যাচাই-বাছাইয়ে কার্ডে ইউএনও’র স্বাক্ষর জাল পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। কিছুক্ষণ পর মোটরসাইকেলের মালিক ওয়াসিম উদ্দিন ঘটনাস্থলে এলে তাকেও আটক করা হয়।
পরে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ধারায় ওয়াসিম উদ্দিনকে ৯ হাজার ৫০০ টাকা এবং একই আইনের ৬৬ ধারায় ফয়সাল আহমেদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ পরিশোধ করে তারা মুক্তি পান।
ফয়সাল আহমেদ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার মৃত সেকান্দর আলী ছেলে এবং ওয়াসিম উদ্দিন মেলান্দহ উপজেলার উত্তর বালুর চর এলাকার মৃত আয়েদ আলীর ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ফুয়েল কার্ডে জাল স্বাক্ষর ব্যবহার করে এক যুবক পেট্রোল নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে মোটরসাইকেলের মালিক ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। তিনি আরও বলেন, ফুয়েল কার্ডে জাল স্বাক্ষর ব্যবহার করে জ্বালানি সংগ্রহের চেষ্টা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।




